ইউক্রেনের দনিপ্রোপেত্রভস্কের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে রাশিয়ার সেনারা প্রবেশ করেছে বলে স্বীকার করেছে কিয়েভের সেনাবাহিনী। তারা জানিয়েছে, রুশ বাহিনী ওই অঞ্চলে অবস্থান শক্ত করার চেষ্টা করছে।
বুধবার (২৭ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
দনিপ্রোর অপারেশনাল-স্ট্র্যাটেজিক গ্রুপ অব ট্রুপসের কর্মকর্তা ভিক্টর ত্রেহুবভ বলেন, “দনিপ্রোপেত্রভস্কে এটাই প্রথম বড় ধরনের হামলা।” তবে তিনি দাবি করেন, রুশ সেনাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে।
গত গ্রীষ্ম থেকেই রাশিয়া দাবি করে আসছে যে তাদের সেনারা ওই এলাকায় প্রবেশ করেছে এবং দোনেৎস্ক অঞ্চল থেকে আরও ভেতরে ঢোকার চেষ্টা চালাচ্ছে। গত জুনে রুশ কর্মকর্তারা বলেছিলেন, দনিপ্রোপেত্রভস্কে অভিযান শুরু হয়েছে। যদিও ইউক্রেনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, রুশ বাহিনী কেবল সীমান্ত অতিক্রম করতে পেরেছে।
এই অগ্রযাত্রা ইউক্রেনের মনোবলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, বিশেষত যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা দুর্বল হয়ে পড়েছে। যদিও আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউক্রেনীয় ডিপস্টেট ম্যাপিং প্রজেক্ট জানিয়েছে, রুশ বাহিনী সীমান্তবর্তী দুটি গ্রাম—জাপোরিজকে ও নভোহ্রিহোরিভকা দখল করেছে। তবে ইউক্রেনের জেনারেল স্টাফ এ দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষায়, জাপোরিজকে এখনও কিয়েভের নিয়ন্ত্রণে এবং নভোহ্রিহোরিভকার কাছে লড়াই চলছে।
রাশিয়া যদিও দনিপ্রোপেত্রভস্ককে নিজেদের দাবি করেনি, তবুও রাজধানী দনিপ্রোসহ বিভিন্ন শহরে একাধিকবার আক্রমণ চালিয়েছে। যুদ্ধ শুরুর আগে এ অঞ্চলে ৩০ লাখেরও বেশি মানুষ বাস করত, যা ডনবাসের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল।
অন্যদিকে, রুশ সেনারা ধীরগতিতে অগ্রসর হলেও সম্প্রতি দোনেৎস্কে কিছু অগ্রগতি অর্জন করেছে। এ মাসের শুরুতে তারা দোব্রোপিলিয়ার কাছে ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেদ করে ১০ কিলোমিটার ভেতরে প্রবেশ করে। তবে সর্বশেষ খবর অনুযায়ী সেই অগ্রযাত্রা থেমে গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ট্রাম্পকে জানিয়েছেন, ইউক্রেন যদি দোনেৎস্কের অবশিষ্ট অংশ ছেড়ে দেয় তবে তিনি যুদ্ধ শেষ করতে রাজি। যদিও ইউক্রেনীয়দের ধারণা, রাশিয়ার লক্ষ্য এর চেয়েও বড়।
কিয়েভ প্রেসিডেন্ট অফিসের উপপ্রধান কর্নেল পাভলো পালিসা জুন মাসে সাংবাদিকদের বলেন, রাশিয়া দনিপ্রো নদীর পূর্বাংশের পুরো ইউক্রেন দখল করতে চায়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাসও সতর্ক করে বলেন, শান্তিচুক্তির নামে ভূমি ছাড় দেওয়া আসলে “একটি ফাঁদ”। তার ভাষায়, “আমরা ভুলে যাচ্ছি, ছাড় কেউ দেয়নি, বরং রাশিয়াই আগ্রাসন চালাচ্ছে।”

