গাজায় হত্যাযজ্ঞ বন্ধ ও হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দাবিতে ইসরায়েলের অভ্যন্তরে জনঅসন্তোষ বাড়ছে। মঙ্গলবার দেশটির রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ সড়ক অবরোধ করেন। ‘ডে অব ডিজরাপশন’ বা ‘ব্যাঘাতের দিন’ কর্মসূচির আওতায় তারা টায়ার জ্বালিয়ে আন্দোলন চালায়।
বিক্ষোভকারীরা সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, ‘যুদ্ধের নামে গাজায় শুধু ধ্বংস ও প্রাণহানি ঘটছে, অথচ বন্দিদের মুক্তির কোনো নিশ্চয়তা নেই।’ তারা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। আন্দোলনে অংশ নেওয়া বহু মানুষ বন্দিদের ছবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। দুই বছর ধরে হামাসের হাতে জিম্মি অন্তত ৫০ ইসরায়েলি নাগরিককে মুক্ত করার দাবি জানানো হয়, যার মধ্যে ২০ জন এখনও জীবিত বলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ধারণা করছে।
বিক্ষোভে সাবেক জিম্মি ডরন স্টেইনব্রেকার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, ‘আমি মুক্ত হয়েছি, কিন্তু আমার অনেক বন্ধু এখনও গাজায় বন্দি। তাদের আমি ভুলতে পারব না।’
বিশ্লেষকরা বলছেন, দেশীয় জনঅসন্তোষ থাকলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য যুদ্ধ থামানো কঠিন। কট্টর ডানপন্থি মন্ত্রীরা সতর্ক করেছেন, গাজায় যুদ্ধ বন্ধ করলে সরকার ভেঙে যেতে পারে। তাই এই বিক্ষোভ সরাসরি চলমান যুদ্ধে প্রভাব ফেলবে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অনাহারে মৃত্যু হয়েছে ৯ জনের। অনাহারে মারা যাওয়া মানুষের সংখ্যা এখন ৩০৩, যার মধ্যে ১১৭ শিশু। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় মোট নিহতের সংখ্যা ৬২ হাজারের বেশি, আহতের সংখ্যা ১.৫ লাখ ছাড়িয়েছে।
অন্তর্জাতিকভাবে প্রতিক্রিয়ার মধ্যে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার চেষ্টা চালাচ্ছে। ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গাজার যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতি সমাধান হবে।’ অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে ‘বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছেন।

