মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয় সিরীয় সেনা নিহত হয়েছেন। সিরিয়ার পক্ষ থেকে রাজধানীর বাইরে নতুন ইসরায়েলি সামরিক অনুপ্রবেশ নিয়ে নিন্দা জানানোর একদিন পর দামেস্কের কাছে এই হামলা চালানো হয়।
বুধবার (২৭ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় সিরীয় সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার খবরে বলা হয়েছে, দামেস্কের উপকণ্ঠে আল-কিসওয়া শহরের কাছে সিরীয় সেনা অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
গত ডিসেম্বরের পর থেকে ইসরায়েল সিরিয়া জুড়ে শত শত হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল দেশের বিভিন্ন সামরিক ঘাঁটি ও অস্ত্রশস্ত্র। ইসরায়েল এছাড়া গোলান মালভূমির নিরস্ত্রীকৃত বাফার জোন দখল করে নিজের নিয়ন্ত্রণ বিস্তৃত করেছে। ১৯৭৪ সালের সিরিয়া-ইসরায়েল চুক্তির ধারাবাহিক লঙ্ঘন হিসেবে এই পদক্ষেপ ধরা হচ্ছে।
এর আগে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, ইসরায়েল মাউন্ট হারমোনের আশপাশের কৌশলগত পাহাড়ি অঞ্চল দখলের জন্য সীমান্ত পেরিয়ে ৬০ সৈন্য মোতায়েন করেছে। ওই এলাকা লেবাননের সীমান্ত সংলগ্ন বেইত জিন শহরের কাছাকাছি। ইসরায়েল এই অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়বানি অভিযোগ করেন, নিজেদের সম্প্রসারণবাদী ও বিভাজন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েল নিরস্ত্রীকৃত এলাকায় গোয়েন্দা কেন্দ্র ও সামরিক পোস্ট তৈরি করছে।
চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু “গ্রেটার ইসরায়েল” ধারণার কথা ঘোষণা করেন। উগ্র জাতীয়তাবাদীরা এ পরিকল্পনাকে সমর্থন করছে, যার আওতায় দখলকৃত পশ্চিম তীর, গাজা উপত্যকা, লেবানন, সিরিয়া, মিসর ও জর্ডানের অংশবিশেষ অন্তর্ভুক্ত রয়েছে।
এরপর ৩১টি আরব ও ইসলামি দেশ এবং আরব লীগ ইসরায়েলের এই অবস্থানকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।

