মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন চারবার। তবে একবারও তিনি ফোন ধরেননি বলে দাবি করেছে জার্মান সংবাদমাধ্যম ফ্রাঙ্কফুর্টার আলজেমাইন।
মাইন্টস-ভিত্তিক এই পত্রিকা জানায়, ট্রাম্পের ওপর মোদির ক্ষোভই হয়তো ফোন না ধরার অন্যতম কারণ। পাশাপাশি সতর্কতার অংশ হিসেবেও মার্কিন প্রেসিডেন্টের কল এড়িয়ে যেতে পারেন তিনি।
ভারতের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে— যা ব্রাজিলের পর কোনো দেশের ওপর ওয়াশিংটনের সর্বোচ্চ শুল্ক। পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রথমে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, এরপর রাশিয়া থেকে তেল কেনার কারণে আরো ২৫ শতাংশ শুল্ক যোগ করেন। নতুন এই শুল্কহার কার্যকর হবে আগামী ২৭ আগস্ট থেকে।
বার্লিনভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা থোরস্টেন বেনার এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, ফ্রাঙ্কফুর্টার আলজেমাইন দাবি করেছে, “ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে মোদিকে চারবার ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু মোদি সবগুলো কল প্রত্যাখ্যান করেছেন।” তিনি পত্রিকার একটি ছবিও পোস্টের সঙ্গে যুক্ত করেন।
প্রতিবেদনে আরো বলা হয়, মোদি একপর্যায়ে অপমানিত বোধ করেছিলেন বলে ধারণা পাওয়া যায়। ট্রাম্প সাধারণত বিদেশি বাজারের ওপর মার্কিন প্রভাব ব্যবহার করে সুবিধা আদায়ের চেষ্টা করেন কিন্তু মোদি তার প্রথম মেয়াদে কোনো আপস না করে অর্থনৈতিক স্বার্থে ট্রাম্পের সঙ্গে সহযোগিতা বজায় রেখে যুক্তরাষ্ট্রের চাপ প্রতিহত করেছিলেন।
ফোন ধরতে অস্বীকৃতি জানানোর মাধ্যমে মোদির ক্ষোভের গভীরতা ও সতর্ক মনোভাব স্পষ্ট হয়েছে বলে বিশ্লেষণ করেছে ফ্রাঙ্কফুর্টার আলজেমাইন।
এর আগে ট্রাম্প ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির উদ্যোগ নেন। দেশটির নেতা তো লামের সঙ্গে ফোনকথনের পর তড়িঘড়ি করে ওই আলোচনা শুরু হয়। পরে ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, চুক্তি সম্পন্ন হয়েছে, যদিও বাস্তবে কোনো চুক্তি হয়নি।
এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মোদি একই পরিস্থিতিতে পড়তে চাননি বলেই হয়তো ফোন ধরেননি বলে ধারণা করছে জার্মান পত্রিকাটি।

