মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে গাজা ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করেছেন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এ তথ্য জানিয়েছেন। চলতি বছরের মধ্যেই ইসরায়েল-গাজা সংঘাতের সমাধান হওয়ার আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার উইটকফ ফক্স নিউজকে জানান, “হোয়াইট হাউসে আগামীকাল প্রেসিডেন্টের নেতৃত্বে বড় বৈঠক বসছে। আমরা একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করছি।” তবে বৈঠকে উপস্থিত কারা হবেন তা তিনি বিস্তারিত জানাননি। তিনি আরো বলেন, “যেভাবেই হোক, এ বছরের শেষ হওয়ার আগেই আমরা সমাধান করতে পারব।”
উইটকফ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হামাসের আলোচনায় মধ্যস্থতা করতে আগ্রহী এবং হামাসও সমঝোতায় রাজি হওয়ার সংকেত দিয়েছে।
অন্য এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’রের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।
২০২৪ সালের মার্কিন নির্বাচনী প্রচারে ট্রাম্প গাজা যুদ্ধে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তিনি এ লক্ষ্য সামনে রেখেও এখনও যুদ্ধ থামেনি। দায়িত্বের শুরুতে হওয়া যুদ্ধবিরতি মাত্র দুই মাস স্থায়ী হয়। মার্চে ইসরায়েলি হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হওয়ার পর লড়াই ফের তীব্র হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার শিশুদের মধ্যে অনাহারের ছবি আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা সৃষ্টি করেছে।

