ইসরাইলের অবরোধ ও লাগাতার হামলার ফলে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো স্পষ্ট করে বলছে—এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং সম্পূর্ণ মানবসৃষ্ট দুর্ভিক্ষ।
সর্বশেষ তথ্যে জানা গেছে, মাত্র একদিনেই অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে শুধু ক্ষুধা ও অপুষ্টিতেই প্রাণ হারিয়েছে ৩১৩ জন, এদের এক তৃতীয়াংশই শিশু।
জাতিসংঘের তথ্য বলছে, বর্তমানে অন্তত এক লাখ ৩০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে। তাদের মধ্যে প্রায় ৪৩ হাজার শিশু আগামী কয়েক মাসের মধ্যেই জীবন-মৃত্যুর লড়াইয়ে পড়তে পারে।
মানবিক সহায়তা বিষয়ক জাতিসংঘের উপপ্রধান জয়েস মুসুইয়ার ভাষায়—
“গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতা। উত্তর গাজা থেকে শুরু করে এটি দ্রুত দক্ষিণেও ছড়িয়ে পড়ছে।”
শিশু সুরক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন আরও মর্মস্পর্শী চিত্র তুলে ধরেছে। সংস্থাটির প্রধান ইঙ্গার অ্যাশিং বলেন—
“গাজার ক্লিনিকগুলোতে কঙ্কালসার শিশুরা ভর্তি। তারা এতটাই দুর্বল যে ব্যথায় কাঁদতেও পারছে না। অনেকে নিস্তব্ধ হয়ে আছে, মৃত্যুর দিকে ধীরে ধীরে এগোচ্ছে।”
এমনকি এখন শিশুদের আঁকায় আর স্কুল, খেলা বা ভবিষ্যতের স্বপ্ন নেই—ওরা শুধু খাবারের ছবি আঁকছে। কেউ কেউ মৃত্যুকেও মুক্তি হিসেবে কল্পনা করছে। একটি ছোট্ট শিশুর লেখা তুলে ধরেন অ্যাশিং—
“ইশ, আমি যদি মায়ের সঙ্গে স্বর্গে থাকতে পারতাম… সেখানে খাবার আছে, পানি আছে, ভালোবাসা আছে।”
বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে—গাজার দুর্ভিক্ষ ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। ক্ষুধাকে ব্যবহার করা হচ্ছে যুদ্ধের অস্ত্র হিসেবে। যুক্তরাষ্ট্র বাদে বাকি ১৪টি দেশ এ পরিস্থিতি দ্রুত অবসানের আহ্বান জানিয়েছে এবং অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির দাবি তুলেছে।
তবে ইসরাইল এই অভিযোগ নাকচ করেছে। তারা গাজার দুর্ভিক্ষ সংক্রান্ত জাতিসংঘ-সমর্থিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছে, এটি “ত্রুটিপূর্ণ ও অপেশাদার”।
বর্তমানে গাজার পাঁচ লাখের বেশি মানুষ অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এ সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
অবরুদ্ধ গাজায় এখন ক্ষুধা শুধু একটি শব্দ নয়—এটি এক নির্মম বাস্তবতা। বিশেষ করে শিশুদের জন্য।

