পশ্চিম তীরের নাবালুস শহর থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। বুধবার সকালে সেনারা শহর ছাড়ে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা।
ওয়াফার তথ্যমতে, গত শনিবার স্থানীয় ফিলিস্তিনি ও দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার ইসরায়েল নাবালুসে সেনা মোতায়েন করে। প্রায় ১৪ ঘণ্টা টানা অবস্থানের পর বুধবার সেনারা প্রত্যাহার করা হয়।
সে সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, গোলাগুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস হামলায় অন্তত ৩৮ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
সবচেয়ে তীব্র সংঘর্ষ হয়েছে নাবালুসের পুরাতন এলাকা সেবাস্তিয়ায়। সেখানে সেনাদের দিকে ইট-পাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা, অন্যদিকে গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে ইসরায়েলি বাহিনী। এলাকাজুড়ে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয় এবং বহু মানুষকে মারধর করা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এর আগে মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লা শহর থেকেও সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েল। তবে সেখানেও প্রত্যাহারের আগে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেনারা। এতে অন্তত ৫৮ জন ফিলিস্তিনি আহত হন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনা অভিযান শুরুর পর পশ্চিম তীরে দখলদার সেনা ও ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষ বেড়েছে আশঙ্কাজনকভাবে। পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাতাহ সরকারের হিসাবে, ওই সময় থেকে এখন পর্যন্ত এসব সংঘাতে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় সাত হাজার।

