নির্বাচনী প্রচারণার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে লক্ষ্য করে ইট-পাটকেল ও বোতল ছুড়েছে উত্তেজিত জনতা। এতে তিনি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে বাধ্য হয়ে দ্রুত সরে যান। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েন্স আয়ার্সে এক প্রচার সমাবেশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বোন কারিনা মিলেই এবং দলের সদস্যদের সঙ্গে ওই সমাবেশে যোগ দেন প্রেসিডেন্ট। কিন্তু সমাবেশ চলাকালে উত্তেজিত কয়েকজন ব্যক্তি মিলেই ও তার বোনকে লক্ষ্য করে ইট, পাথর ও বোতল নিক্ষেপ করে। এর কয়েকটি সরাসরি মিলেইয়ের গায়ে লাগায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে আক্রমণ এড়াতে গাড়ির নিরাপত্তা বলয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা।
প্রসঙ্গত, সম্প্রতি একটি ঘুষ কেলেঙ্কারিতে মিলেই সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় প্রেসিডেন্টের বোন কারিনা মিলেইয়ের নামও জড়িয়েছে, যা জনঅসন্তোষকে আরও বাড়িয়ে দিয়েছে।

