কাশ্মীর অঞ্চলে টানা ভারি বর্ষণের পর প্রধান বাঁধগুলোর সব গেট খুলে দিয়েছে ভারত। এর ফলে সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ পানি ধেয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে, যা দেশটিতে ভয়াবহ বন্যার শঙ্কা তৈরি করেছে। মূলত নিজেদের ভেতরের চাপ কমাতে গিয়ে ভারত কার্যত বন্যার বোঝা চাপিয়ে দিল প্রতিবেশী পাকিস্তানের ওপর।
চেনাব, রভি ও শতদ্রু নদী ফুলে-ফেঁপে উঠে ইতোমধ্যে পাঞ্জাবজুড়ে বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। বুধবার সকালে নদীগুলোতে অস্বাভাবিক বন্যা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় জেলায় সেনা মোতায়েন করে পাকিস্তান।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পার্শ্ববর্তী অঞ্চলে নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার রাতে ভারত রভি নদীর থেইন বাঁধের সব গেট খুলে দেয়। বর্তমানে চেনাবের দুটি প্রধান পয়েন্ট এবং রভি ও শতদ্রুর একটি করে পয়েন্ট ‘অতি উচ্চ বন্যা’ পরিস্থিতিতে আছে। এছাড়া সিন্ধু নদীর পাঁচটি পয়েন্টে নিম্ন বন্যা দেখা দিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারি বৃষ্টির কারণে বাঁধের পানি উপচে পড়ায় ভারত বাধ্য হয়ে পানি ছাড়ছে। ভারতীয় সূত্র বলছে, প্রায় দুই লাখ কিউসেক পানি ছাড়তে পারে দেশটি। তবে এই পানি ধাপে ধাপে ছাড়া হবে নাকি একবারেই ছাড়া হবে, তা এখনও পরিষ্কার নয়। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগেই জানিয়েছিল, ভারত ধীরে ধীরে পানি ছাড়বে। রোববার থেকে ভারত এ নিয়ে দুই দফা আনুষ্ঠানিক সতর্কবার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
পাঞ্জাব প্রদেশে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ইতোমধ্যে সেনা মোতায়েন করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মন্ত্রীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে (এনডিএমএ) পাঞ্জাব পিডিএম-এর সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন। সেনা মোতায়েন করা হয়েছে লাহোর, ফয়সালাবাদ, কাসুর, সিয়ালকোট, নারোওয়াল ও ওকারায়।
পিডিএম-এর মহাপরিচালক ইরফান আলী কাথিয়া জানিয়েছেন, চেনাব ও রভি নদীসংলগ্ন এলাকা থেকে ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, সিয়ালকোটের বিভিন্ন এলাকা থেকে ২৪৩ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। স্থানীয়দের দ্রুত উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঞ্জাবের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। সিয়ালকোটে একদিনে ৩৬৩.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা গত ৪৯ বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি মৌসুমি বন্যায় জুনের শেষ থেকে এখন পর্যন্ত পাকিস্তানে ৮০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্টেই প্রাণ গেছে প্রায় ৪০০ জনের।
শুক্রবার থেকে এখন পর্যন্ত পাঞ্জাবে ঘরছাড়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৭ হাজারের বেশি। অনেকে কাসুর, ভাওয়ালনগর ও বিহারী এলাকায় আশ্রয় নিয়েছেন। এর মধ্যে প্রায় ৪০ হাজার মানুষ সতর্কবার্তা পাওয়ার পর স্বেচ্ছায় এলাকা ছেড়েছে।
উভয় দেশই পারমাণবিক শক্তিধর এবং গত মে মাসের সংঘর্ষের পর থেকে তাদের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে। পাকিস্তানের ধারণা, ভারতের হঠাৎ পানি ছাড়া এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

