যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান সুসান মোনারেজকে পদত্যাগে অস্বীকৃতির পর আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে হোয়াইট হাউস। বুধবার (২৭ আগস্ট) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: বিবিসি
বিবৃতিতে বলা হয়, সুসান মোনারেজ প্রেসিডেন্টের নীতি ও এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন। এর আগে মার্কিন স্বাস্থ্য বিভাগ তার পদত্যাগের খবর প্রকাশ করলেও মোনারেজের আইনজীবীরা জানান, তিনি এমন কোনো সিদ্ধান্ত নেননি। তিনি পদত্যাগে অস্বীকৃতি জানালে হোয়াইট হাউস সরাসরি তাকে অপসারণের ঘোষণা দেয়।
মোনারেজের আইনজীবীদের অভিযোগ, সরকারের ‘অবৈজ্ঞানিক ও বেপরোয়া নির্দেশে’ সায় না দেওয়া এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের ছাঁটাই করতে অস্বীকৃতি জানানোর কারণে তিনি টার্গেট হন। তার অপসারণের পরপরই সিডিসির অন্তত তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেন।
এই পদত্যাগগুলো ঘটল এমন এক সময়ে, যখন স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে ভ্যাকসিন নীতি নিয়ে বিতর্ক চলছে। সম্প্রতি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) নতুন কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে, যা কেবল বয়স্কদের জন্য সীমিত রাখা হয়েছে। এর আগেই সিডিসির কর্মচারী ইউনিয়ন প্রায় ৬০০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছিল।
এই ঘটনার মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সংস্থার মধ্যে দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

