চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এক সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এসময় তারা প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রকাশ্যে একত্রে উপস্থিত হবেন। ঘটনাটি পশ্চিমা চাপের বিরুদ্ধে তিন দেশের ঐক্য প্রদর্শনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, আগামী সপ্তাহে আয়োজিত এই কুচকাওয়াজে অংশ নেবেন ২৬ জন বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধান। তবে পশ্চিমা বিশ্বের কোনো নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। একমাত্র ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নেতা হিসেবে ডাক পেয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।
মন্ত্রণালয় জানায়, এই ‘বিজয় দিবস’ কুচকাওয়াজটি চীন-জাপান যুদ্ধের ৮০তম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান স্মরণে আয়োজন করা হচ্ছে। কুচকাওয়াজে শত শত বিমান, ট্যাংক, অ্যান্টি-ড্রোন সিস্টেমসহ সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে চীন। এটি হবে তাদের সামরিক বাহিনীর নতুন কাঠামোর পূর্ণাঙ্গ প্রদর্শনী।
রয়টার্স জানিয়েছে, আয়োজনে চীন শুধু গ্লোবাল সাউথের সঙ্গে সংহতির বার্তাই দেবে না, বরং নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গেও দৃঢ় ঐক্যের প্রকাশ ঘটাবে। বর্তমানে রাশিয়াকে বেইজিং কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করছে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া অর্থনৈতিক সংকটে পড়েছে, একইসঙ্গে প্রেসিডেন্ট পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি। অপরদিকে উত্তর কোরিয়া ২০০৬ সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার অধীনে রয়েছে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিন সর্বশেষ সাক্ষাৎ করেছিলেন এ বছরের মে মাসে মস্কোয় বিজয় দিবসের অনুষ্ঠানে। এবারও গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিনপন্থি গণমাধ্যম। পুতিন চারদিনের সফরে বেইজিং যাচ্ছেন এবং সেখানে বৃহৎ পরিসরে আলোচনার আয়োজন করা হবে। তবে এজেন্ডা প্রকাশ করা হয়নি।
আরটি ইন্টারন্যাশনালের তথ্যমতে, সফরকালে পুতিন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সামিটেও যোগ দিতে পারেন। এই সম্মেলন ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অংশ নেবেন ২০টি দেশের প্রধান, ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন অঞ্চল থেকে নেতৃবৃন্দ। যদিও পুতিন সেখানে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি।
অন্যদিকে উত্তর কোরিয়ার কিম জং উনের জন্য এটিই হবে বহু বছর পর চীন সফরের প্রথম সুযোগ। তিনি সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারিতে বেইজিং সফর করেছিলেন।

