মেক্সিকোর সিনেটে বুধবারের অধিবেশনের শেষ দিকে তীব্র সহিংসতা দেখা দেয়। বিরোধীদলীয় নেতা আলেহান্দ্রো আলিতো মোরেনো ও সিনেট সভাপতি জেরার্দো ফার্নান্দেজ নোরোনার মধ্যে কিলঘুষি, ধাক্কাধাক্কি ও তর্কবিতর্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অধিবেশনের সমাপনীতে জাতীয় সংগীত গাওয়া হচ্ছিল। সে সময় বিরোধী দল ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির (পিআরআই) প্রধান মোরেনো নোরোনার দিকে এগিয়ে গিয়ে বারবার বলেন, “আমাকে কথা বলতে দিন।” তিনি নোরোনার হাত ধরে ফেললে নোরোনা সঙ্গে সঙ্গে বলেন, “আমাকে ছোঁবেন না।” এরপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে মোরেনো এক আলোকচিত্রীকেও ফেলে দেন।
ঘটনার পর নোরোনা অভিযোগ করেন, মোরেনো তাকে ধাক্কা দেন, আঘাত করেন এবং প্রাণনাশের হুমকি দেন। তিনি জানান, শুক্রবার জরুরি অধিবেশন ডেকে মোরেনোসহ পিআরআইয়ের তিন আইনপ্রণেতাকে বহিষ্কারের প্রস্তাব তোলা হবে। অন্যদিকে মোরেনো অভিযোগ করেন, নোরোনাই প্রথমে মারমুখী হয়ে ওঠেন।
নোরোনা সংবাদ সম্মেলনে বলেন, মেক্সিকোতে বিদেশি সেনাদের উপস্থিতি নিয়ে উত্তপ্ত বিতর্ক থেকেই এ সংঘাতের সূত্রপাত।

