ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাজধানী ইউনিটের শীর্ষ কমান্ডার তাইমুর তাকাচেঙ্কো।
কিয়েভের অন্তত ১৩টি এলাকায় আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই উদ্ধার তৎপরতা শুরু করেছে ইউক্রেনের দুর্যোগ মোকাবিলা দপ্তর।
ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, বুধবার রাত থেকে ভোর পর্যন্ত কিয়েভের দিকে মোট ৫৯৮টি ড্রোন এবং ৩১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রুশ সেনারা। এর মধ্যে ৫৬৩টি ড্রোন ও ২৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে পোস্ট করে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে বলেন, “আলোচনার টেবিলে বসার পরিবর্তে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেছে নিয়েছে, যুদ্ধ শেষ করার বদলে তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
কমান্ডার তাইমুর তাকাচেঙ্কো রয়টার্সকে বলেন, “রাশিয়ার হামলার ধরণ একই রকম থাকে—সব দিক থেকে একযোগে আক্রমণ চালানো। এবারও তারা আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে এই কৌশল প্রয়োগ করেছে।”

