সৌদি আরবের সরকারি স্কুলে শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে যুগান্তকারী পরিবর্তন। ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকে দেশটির প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের প্রায় ৬০ লাখ শিক্ষার্থী পড়বে নতুন অনুমোদিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পাঠ্যক্রম। এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো সাধারণ শিক্ষায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পাঠ্যসূচি চালু করছে সৌদি সরকার।
শিক্ষা মন্ত্রণালয়, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি (এসডিএআইএ) যৌথভাবে এ পাঠ্যক্রম চালু করছে। প্রাথমিক স্তর থেকেই এআই শিক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনে নেতৃত্ব দেওয়ার সক্ষম করে তোলা।
নতুন পাঠ্যক্রম শিক্ষার্থীদের শেখাবে আধুনিক ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় এআইয়ের গুরুত্ব, অনুপ্রাণিত করবে সৃজনশীলতা ও উদ্ভাবনে এবং ভবিষ্যতের চাকরির বাজারের জন্য তাদের প্রস্তুত করবে।
এই উদ্যোগ সৌদি আরবের ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে জ্ঞানভিত্তিক সমাজ ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসডিএআইএ ও শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে এবং এআই ব্যবহারের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে।
এ ছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পাঠ্যসূচি সাজাতে চালু হয়েছে সৌদি একাডেমিক ফ্রেমওয়ার্ক ফর এআই কোয়ালিফিকেশনস। একই সঙ্গে সামাই উদ্যোগের মাধ্যমে ১০ লাখ নাগরিককে এআই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ইতিমধ্যে পাঁচ লাখের বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে।
ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে নিতে শুরু হয়েছে এআই স্কলারশিপ প্রোগ্রাম, যার মাধ্যমে সৌদি শিক্ষার্থীরা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এআই ও ডেটা সায়েন্সে উচ্চশিক্ষা নিতে পারবেন। এছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে এনভিডিয়ার সহযোগিতায় এসডিএআইএ প্রতিষ্ঠা করেছে জেনারেটিভ এআই একাডেমি।

