মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গাদের নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। দিল্লি থেকে আটক করা ৪০ জন রোহিঙ্গা শরণার্থী জানিয়েছেন, তাদের জোর করে নৌবাহিনীর জাহাজে তোলা হয় এবং পরে আন্দামান সাগরে নামতে বাধ্য করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য প্রকাশ করেছে।
জাতিসংঘ এ ঘটনাকে “চরম ঝুঁকি তৈরি করা” বলে মন্তব্য করেছে।
বিবিসির অনুসন্ধানে জানা যায়, গত মে মাসে দিল্লি থেকে আটক হওয়া এসব রোহিঙ্গাকে প্রথমে বিমানযোগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাঠানো হয়। সেখান থেকে নৌবাহিনীর জাহাজে নিয়ে যাওয়া হয়। শরণার্থীদের দাবি, জাহাজে তাদের হাত বেঁধে, চোখ-মুখ ঢেকে রাখা হয়েছিল এবং অনেককে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।

পরে তাদের ছোট নৌকায় তুলে সমুদ্রে ফেলে দেওয়া হয়। হাতে দেওয়া হয় লাইফ জ্যাকেট, কিন্তু বলা হয় তারা ইন্দোনেশিয়ায় পৌঁছে গেছে। আসলে তারা তখন মিয়ানমারে ছিলেন। স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করার পর তারা বর্তমানে দক্ষিণ-পশ্চিম মিয়ানমারে প্রতিরোধ বাহিনী বাহটু আর্মির (BHA) কাছে আশ্রয় নিয়েছে।
শরণার্থীদের অভিযোগ, ভারত সরকার ইচ্ছাকৃতভাবে তাদের প্রাণঘাতী ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। দিল্লিতে থাকা রোহিঙ্গাদের পরিবার জানাচ্ছে, এখন তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টমাস অ্যান্ড্রুজ বলেছেন, এ অভিযোগ প্রমাণের জন্য “গুরুত্বপূর্ণ তথ্য” রয়েছে। তিনি বিষয়টি ভারতের কর্তৃপক্ষকে জানালেও কোনো সাড়া মেলেনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে দেশটি রোহিঙ্গাদের শরণার্থী নয়, বরং “অবৈধ অভিবাসী” হিসেবে চিহ্নিত করে। বর্তমানে জাতিসংঘের হিসাবে ভারতে প্রায় ২৩ হাজার ৮০০ রোহিঙ্গা নিবন্ধিত হলেও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, প্রকৃত সংখ্যা ৪০ হাজারের বেশি।

২০১৭ সালে মিয়ানমারে সেনা অভিযানের পর লাখো রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১০ লাখেরও বেশি।
ভারতের সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলা চলছে। তবে আদালতের এক বিচারপতি রোহিঙ্গাদের অভিযোগকে “অবাস্তব কল্পনা” বলে মন্তব্য করেছেন। চূড়ান্ত শুনানি আগামী ২৯ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে।
নুরুল আমিন নামের এক রোহিঙ্গা বলেন, “মানুষকে কীভাবে এভাবে সমুদ্রে ফেলে দেওয়া যায়? আমি ভারতের সরকারের মধ্যে কোনো মানবতা খুঁজে পাইনি।”

