ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা প্রায় দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি মানুষ। অব্যাহত হামলা ও অবরোধে সেখানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘ অভিযোগ করেছে, গত এক সপ্তাহে গাজার প্রায় অর্ধেক মানবিক সহায়তা কার্যক্রম ইসরায়েল বাধাগ্রস্ত করেছে বা বিলম্বিত করেছে।
শুক্রবার (২৯ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গাজায় মানবিক কার্যক্রম এখনও বিলম্ব ও বাধার মুখে পড়ছে। অনেক সময় অনুমোদন পাওয়া সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা টিমগুলোকে বিপজ্জনক ও অচল সড়কে অপেক্ষা করতে হচ্ছে।
জাতিসংঘ জানায়, গত বুধবার থেকে মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য করা ৮৯টি প্রচেষ্টার মধ্যে মাত্র ৫৯ শতাংশ কার্যকর হয়েছে। এর মধ্যে ২৬ শতাংশ শুরুতে অনুমোদন পেলেও পরে বাধাগ্রস্ত হয়েছে, ৮ শতাংশ সরাসরি বাতিল করা হয়েছে এবং ৭ শতাংশ মিশন সংগঠকেরা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। বাধাগ্রস্ত ২৩টি মিশনের মধ্যে কেবল পাঁচটি শেষ করা সম্ভব হয়েছে, যার মধ্যে ছিল সীমান্ত থেকে সরবরাহ আনা ও রোগী সরিয়ে নেওয়ার কাজ। বাকি ১৮টি শেষ করা যায়নি।
ডুজারিক বলেন, জাতিসংঘ আশঙ্কা করছে গাজা সিটির আরও এলাকায় ইসরায়েল নতুন বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে। তার ভাষায়, “যদি পূর্ণমাত্রার অভিযান শুরু হয়, তবে এর প্রভাব হবে ভয়াবহ। শুধু গাজা সিটির নয়, পুরো উপত্যকার জন্য।”
জাতিসংঘ আরও জানায়, সোমবার ও মঙ্গলবার প্রায় ১ হাজার ৩০০ মানুষ গাজার উত্তরাংশ থেকে দক্ষিণে পালিয়েছে। ১৪ আগস্ট ইসরায়েল নতুন অভিযানের পরিকল্পনা ঘোষণার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সব মিলিয়ে গাজা সিটি থেকে প্রায় ৬০ হাজার মানুষ ইতিমধ্যে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় ও অমানবিক পরিস্থিতির মধ্যে লাখ লাখ পরিবার দুর্বিষহ জীবনযাপন করছে।

