দেশে মার্কিন সেনা অভিযানের কোনো প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
শুক্রবার এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে পাঁচটি যুদ্ধজাহাজ এবং চার হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে মাদুরো সরকারকে চাপে ফেলতে নেওয়া হয়েছে। তবে ওয়াশিংটনের দাবি, এ মোতায়েন মূলত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার সীমানার কাছাকাছি এলাকায় পরিচালিত হচ্ছে।
জবাবে ভেনেজুয়েলা নিজেদের উপকূল এলাকায় যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করে টহল জোরদার করেছে।
মাদুরো বলেন, “তাদের ভেনেজুয়েলায় প্রবেশ করার প্রশ্নই ওঠে না।” তিনি আরও অঙ্গীকার করেন, শান্তি, সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় তার দেশ সর্বদা প্রস্তুত।
যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ভেনেজুয়েলায় সরাসরি কোনো সামরিক অভিযানের হুমকি প্রকাশ করেনি। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প প্রশাসন দেশটির শক্তিশালী মাদকচক্র দমনে উদ্যোগী হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এ ধরনের বেশ কিছু চক্র দেশটির অভ্যন্তরে থেকে মাদক পাচার চালাচ্ছে। পাশাপাশি ওয়াশিংটনের দাবি, মাদুরো নিজেই কোকেন পাচার চক্র ‘কার্টেল দে লস সোলেস’-এর নেতৃত্ব দিচ্ছেন।
ট্রাম্প প্রশাসন সংগঠনটিকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করেছে এবং মাদক পাচারের অভিযোগে মাদুরোকে বিচারের আওতায় আনতে তার সম্পর্কে তথ্য দিলে অর্থ পুরস্কার ঘোষণা করেছে। সম্প্রতি সেই পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫ কোটি ডলার নির্ধারণ করা হয়েছে।
২০১৩ সালে প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো শাভেজের উত্তরসূরি হয়ে ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প তার দেশে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চালাচ্ছেন।

