যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে একটি ক্যাথলিক স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত এবং আরো ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ শিশু এবং গির্জার তিন প্রবীণ কর্মী রয়েছেন।
সিএনএন জানিয়েছে, বন্দুকধারী গির্জার জানালা দিয়ে গুলি ছুড়েছিলেন। এ ঘটনা ঘটেছে অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলের নতুন শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহে।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর নাম রবিন ওয়েস্টম্যান (২৩)। তিনি সামাজিক মাধ্যমে একটি ‘ইশতেহার’ পোস্ট করেছিলেন, যা পরে সরিয়ে দেওয়া হয়। পুলিশের তদন্ত অনুযায়ী, রবিন নিজের ছোড়া গুলিতে আহত হয়ে পরবর্তীতে মারা যান। রবিন ওই স্কুল থেকে ২০১৭ সালে পাশ করেছিলেন।
এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানান, “এফবিআই এই হামলাকে অভ্যন্তরীণ সন্ত্রাস এবং ক্যাথলিকদের বিরুদ্ধে ঘৃণার ভিত্তিতে সংঘটিত অপরাধ হিসেবে তদন্ত করছে।”
বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মিনেসোটা অঙ্গরাজ্যে একই ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলার এটি চতুর্থ ঘটনা।


