ভারতের পানি ছাড়ার পাশাপাশি টানা মৌসুমি বৃষ্টিপাতের ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছেন মানুষ।
শুক্রবার (২৯ আগস্ট) সামা টিভি এ খবর জানিয়েছে।
ঝাং জেলায় চেনাব নদীর পানি প্রবলভাবে বেড়ে প্রবেশ করেছে। জেলা প্রশাসন সব দপ্তরকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। আতহারা হাজারি তহসিলে প্রতিরক্ষা বাঁধের কাছে দোকানপাট সরানোর জন্য মাইকিং চলছে। ২০১৪ সালের বন্যায়ও একই বাঁধ কেটে পানি চাপ কমানো হয়েছিল।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, রাভি নদীতে পানির প্রবাহ অত্যন্ত উচ্চমাত্রায় পৌঁছেছে। রাভি সাইফনে ২,০২,৪২৮ কিউসেক, আর শাহদরায় ২,০১,৪০০ কিউসেক। নিম্নাঞ্চলগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চেনাব নদীর চাপ আরও বাড়লে বাঁধ কেটে পানি নিয়ন্ত্রণে আনতে হতে পারে।
মুলতানে শহর রক্ষায় দুটি বাঁধ কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাহোরে রাভি নদীর পানি ২ লাখ কিউসেক ছাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। নদী সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার কিউসেক পানি বহন করতে সক্ষম। ইতিমধ্যে উদ্ধার নৌকা মোতায়েন ও মানুষ নিরাপদ স্থানে সরানো হচ্ছে।
লাহোরের ডেপুটি কমিশনার মুসা রাজা জানান, শাহদরায় পানি ২,১১,০০০ কিউসেক পৌঁছেছে, যা ১০ ঘণ্টার মধ্যে কমে আসবে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত লাহোরে কোনো প্রাণহানি হয়নি। প্রায় দুই হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে ১৮টি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।
পাঞ্জাবের বিভিন্ন জেলায় বন্যাজনিত ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বাহাওয়ালপুরে সুতলেজ নদীর বাঁধ ভেঙে ইউসুফওয়ালা ও আহমদওয়ালার গ্রাম প্লাবিত হয়েছে। কৃষিজমি ও ফসল তলিয়ে গেছে। সারগোধা জেলার কোট মোমিন এলাকায় চেনাব নদীতে ৬ লাখ কিউসেক পানি প্রবাহিত হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, প্রবাহ ১০ লাখ কিউসেক ছাড়াতে পারে।
রোজহানেও নতুন ঢলের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন বিপদসীমার মধ্যে থাকা মানুষকে সরিয়ে নিয়েছে ও শিবির খোলা হয়েছে। ডেরা গাজী খান, রাজনপুর ও আশপাশের জেলায় মন্ত্রী, কমিশনার ও ডেপুটি কমিশনার সরাসরি তদারকি করছেন।

