ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারো রাজনীতির আলোচনায়। সাম্প্রতিক ‘মুড অফ দ্য নেশন’ (এমওটিএন) সমীক্ষার ফলাফল অনুযায়ী, মোদির জনপ্রিয়তা কিছুটা কমলেও তিনি এখনো দেশের মানুষের প্রথম পছন্দ হিসেবে বিবেচিত হচ্ছেন।
ভারতের ১ জুলাই থেকে ১৪ অগাস্ট পর্যন্ত চলা এই সমীক্ষায় দেশের বিভিন্ন প্রান্তের ৫৪,৭৮৮ জনের মতামত নেওয়া হয়েছে। বৃহত্তর বিশ্লেষণে, গত ২৪ সপ্তাহে ১ লাখ ৫২ হাজারেরও বেশি মানুষের মতামতকে ধরা হয়েছে।
ফলাফলে দেখা গেছে, অগাস্টে মোদির কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্ট মানুষের হার ৫৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ৬২ শতাংশ ছিল। সমীক্ষায় ‘অসাধারণ’ বলেছে ৩৪.২ শতাংশ, ‘ভালো’ বলেছে ২৩.৮ শতাংশ। অন্যদিকে, ‘গড়’ ১২.৭ শতাংশ, ‘খারাপ’ ১২.৬ শতাংশ এবং ‘খুব খারাপ’ ১৩.৮ শতাংশ। ফেব্রুয়ারির তুলনায় অসাধারণ বলার হার কিছুটা কমেছে।
বিজেপির ভবিষ্যতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমীক্ষায় অমিত শাহ এগিয়ে আছেন। ২৮ শতাংশ মানুষ তাকে মোদির যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন। অন্যান্য বিজেপি নেতাদের সমর্থন তুলনামূলকভাবে কম।
এনডিএ সরকারের কার্যকারিতা সম্পর্কেও মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। ফেব্রুয়ারিতে যেখানে ৬২.১ শতাংশ মানুষ সরকারের কাজকে ভালো বলেছেন, অগাস্টে সেই হার নেমে এসেছে ৫২.৪ শতাংশে। সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন মাত্র ২.৭ শতাংশ মানুষ। তবে নিরপেক্ষ বা সংশয়ে থাকা মানুষের সংখ্যা বেড়ে ১৫.৩ শতাংশে পৌঁছেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদির তৃতীয় মেয়াদ শুরুতে যতটা জোরালো ছিল, এখন চাপ বাড়ছে। অর্থনীতি, বেকারত্ব, কৃষি ও সামাজিক ইস্যুতে সরকারকে আরও কাজ করতে হবে। তবে বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়, সমর্থন কিছুটা কমলেও মোদি এখনও অপ্রতিদ্বন্দ্বী।

