থাইল্যান্ডের রাজনীতি আবারও তুমুল আলোচনায়। সংবিধান আদালত তাদের পুরোনো ভূমিকা পুনরাবৃত্তি করেছে—আবারও এক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করল। এ নিয়ে শিনাওয়াত্রা পরিবারের প্রভাবিত প্রশাসন থেকে টানা পঞ্চম প্রধানমন্ত্রীকে পদচ্যুত করল আদালত।
ঘটনার সূত্রপাত গত জুনে। প্রধানমন্ত্রী পেতংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে কম্বোডিয়ার সাবেক নেতা হন সেন-এর ফোনালাপ ফাঁস হয়ে যায়। তাতে তিনি সীমান্ত বিরোধ নিয়ে নমনীয় অবস্থান নেন এবং নিজের এক সেনা কর্মকর্তাকে সমালোচনা করেন। পেতংটার্ন দাবি করেন, তিনি কূটনৈতিক সমাধানের চেষ্টা করছিলেন, যা গোপন থাকার কথা। কিন্তু হন সেন ক্ষুব্ধ হয়ে তা প্রকাশ করে দেন, আর সেটিই হয়ে ওঠে রাজনৈতিক বিস্ফোরণ।
পেইতংটার্ন শিনাওয়াত্রা তাঁর পিতা থাকসিনের সঙ্গে।
জুলাইয়ে আদালতের ৯ বিচারকের মধ্যে ৭ জন তাকে সাময়িক বরখাস্ত করেন। শুক্রবারের চূড়ান্ত রায়ে পদচ্যুত হওয়া তাই কারও জন্য বিস্ময়কর ছিল না। এর আগে থাকসিন শিনাওয়াত্রা-সমর্থিত প্রতিটি প্রশাসনকেই আদালত একইভাবে ক্ষমতাচ্যুত করেছে। এর ফলে থাইল্যান্ডে সাধারণ মানুষের মধ্যে এক বিশ্বাস জন্মেছে—আদালত সবসময়ই রক্ষণশীল ও রাজতন্ত্রপন্থী শক্তির স্বার্থ রক্ষা করে।
প্রশ্ন উঠছে, কেন হন সেন শিনাওয়াত্রা পরিবারের দীর্ঘ বন্ধুত্ব ভেঙে দিলেন? তিনি ক্ষুব্ধ হয়েছিলেন পেতংটার্নের মন্তব্যে—কম্বোডিয়ার সরকারের সোশ্যাল মিডিয়া ব্যবহারকে “অপেশাদার” বলায়। প্রতিক্রিয়ায় তিনি ফোনালাপ ফাঁস করেন। এর ফলশ্রুতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছে জুলাইয়ে পাঁচ দিনের যুদ্ধে রূপ নেয়, যেখানে ৪০ জনের বেশি নিহত হয়।
আগস্টের শুরুতে সংবিধান আদালতে শুনানির সময় পেইতংটার্ন।
এখন সংবিধান অনুযায়ী সংসদকে নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। পheu Thai দল ইতিমধ্যে দুই প্রার্থী হারিয়েছে, বাকি আছেন বয়স্ক ও অসুস্থ চাইকাসেম নিতিসিরি। অন্যদিকে সম্ভাব্য প্রার্থী অনুতিন চার্নভিরাকুল, যিনি সম্প্রতি সরকার থেকে সরে গেছেন। দুই পক্ষের সম্পর্ক এখনো উত্তপ্ত, তাই স্থিতিশীল সরকার গঠনের সম্ভাবনা ক্ষীণ।
সবচেয়ে বড় দল দ্য পিপলস পার্টি (পূর্বে Move Forward), যাদের ১৪৩ এমপি আছে, তারা বিরোধী দলে থাকার অঙ্গীকার করেছে। তাই নতুন নির্বাচনই সমাধান হতে পারে, কিন্তু Pheu Thai সেটি চায় না, কারণ জনসমর্থন দ্রুত কমে যাচ্ছে।
দুই দশক ধরে থাইল্যান্ডের রাজনীতিতে প্রায় অদম্য ছিল শিনাওয়াত্রা পরিবার। কিন্তু এখন তাদের জনপ্রিয়তা তলানিতে। ডিজিটাল ওয়ালেট প্রকল্প, ক্যাসিনো বৈধকরণ, কিংবা “ল্যান্ড ব্রিজ” পরিকল্পনা—কোনোটিই বাস্তবায়িত হয়নি। সীমান্ত যুদ্ধের আবহে তাদের কম্বোডিয়া-সখ্য আরও সন্দেহ তৈরি করেছে। ফলত, অনেকেই মনে করছেন—থাই রাজনীতিতে শিনাওয়াত্রা বংশের স্বর্ণযুগ হয়তো শেষ হয়ে এসেছে।