আলাস্কার এইলসন বিমানঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আকাশে থাকা অবস্থায় প্রায় এক ঘণ্টা প্রকৌশলীদের সঙ্গে কনফারেন্স কলে চেষ্টা করেও সমস্যার সমাধান করতে না পারায় শেষ পর্যন্ত দুর্ঘটনায় পড়তে হয় বিমানটিকে। তবে পাইলট প্যারাসুট ব্যবহার করে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। ঘটনাটি ঘটে গত ২৮ জানুয়ারি। সূত্র: নিউইয়র্ক পোস্ট
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত রানওয়ের দিকে নেমে আসছে এবং অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বিমানের নাক ও মূল ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক লাইনে বরফ জমে গিয়েছিল। এ কারণে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার ভেতরে টানা সম্ভব হয়নি, এমনকি নামানোর সময়ও তা আটকে যায়।
ঘটনার পর পাইলট আকাশেই লকহিড মার্টিনের পাঁচজন প্রকৌশলীর সঙ্গে প্রায় ৫০ মিনিট কনফারেন্স কলে যুক্ত ছিলেন। তাদের পরামর্শে তিনি দুবার ‘টাচ অ্যান্ড গো’ ল্যান্ডিংয়ের চেষ্টা করেন, কিন্তু নোজ গিয়ারের জট খুলতে ব্যর্থ হন। পরে বিমানের সেন্সরগুলো ভুলভাবে এটিকে ভূমিতে আছে বলে সংকেত দেয়। এর পরপরই বিমানটি নিয়ন্ত্রণ হারায়। শেষ মুহূর্তে পাইলট ইজেকশন সিট ব্যবহার করে বের হয়ে আসেন।
তদন্তে উঠে এসেছে, বিমানের নাক ও ডান পাশের ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক সিস্টেমে থাকা তরলের এক-তৃতীয়াংশে পানি ছিল। সেটিই বরফ জমে কার্যক্রম ব্যাহত করে। দুর্ঘটনার মাত্র নয় দিন পর একই ঘাঁটিতে আরেকটি এফ-৩৫–এ একই ধরনের ত্রুটি দেখা দেয়, যদিও সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। দুর্ঘটনার সময় ঘাঁটির তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে ১ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ১৮.৩৩ ডিগ্রি সেলসিয়াস)।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাইলটের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, আকাশে থাকা অবস্থায় প্রকৌশলীদের পরামর্শ এবং বিপজ্জনক উপকরণ ব্যবস্থাপনার দুর্বলতা—সব মিলিয়েই এ দুর্ঘটনার জন্য দায়ী।

