ইয়েমেনের হুতি বিদ্রোহীদের গঠিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানায় এই হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।
ইয়েমেনি সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া জানিয়েছে, সানার একটি অ্যাপার্টমেন্টে বোমাবর্ষণের সময় প্রাণ হারান রাহাউই। অপর সংবাদমাধ্যম এডেন আল-ঘাদ জানিয়েছে, প্রধানমন্ত্রী আরো কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গেও নিহত হয়েছেন।
ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, হুতি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে প্রধানমন্ত্রী রাহাউইকে আলাদাভাবে টার্গেট করা হয়েছিল—এমন ধারণা প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর এক সূত্র জানায়, হামলার সময় হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নেতা আব্দুল মালেক আল-হুতির ভাষণ শুনতে জড়ো হয়েছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। যদিও এলাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত ছিল, তবু ইসরায়েলি বিমান হামলা চালাতে সক্ষম হয়। হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
২০১৫ সালে রাজধানী সানা দখল করে নেয় ইরান-সমর্থিত হুতিরা। সে সময় প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসু হাদি সৌদি আরবে পালিয়ে গিয়ে হুতিদের সরকারকে অবৈধ ঘোষণা করেন। এরপর থেকেই সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে, তবে হুতিদের প্রতিহত করা যায়নি। এখনো তারা সানার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন আহমেদ আল-রাহাউই।
হুতিরা দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই এবার তাদের প্রধানমন্ত্রীকে হত্যার ঘটনা ঘটল।

