মিয়ানমারের কৌশলগত পশ্চিমাঞ্চল তথা রাখাইন রাজ্যে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) দ্রুত অগ্রগতি অর্জন করছে। বর্তমানে রাখাইনের ১৭টির মধ্যে ১৪টি এলাকা তাদের নিয়ন্ত্রণে, যা মিয়ানমারের গৃহযুদ্ধ ও আঞ্চলিক ভূরাজনীতির ভারসাম্য পাল্টে দিতে পারে। এই রাজ্য বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং বাংলাদেশের সীমান্ত সংলগ্ন হওয়ায় গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে।
রাজ্যের বাকি অঞ্চলগুলো দখলের লক্ষ্যে এখন এককাট্টা হয়ে আক্রমণ চালাচ্ছে আরাকান আর্মি। এর মধ্যে আছে রাজ্যের রাজধানী সিত্তে, ভারতের কালাদান বন্দর প্রকল্প এবং চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ গভীর সমুদ্রবন্দর কিয়াকফিউ।

বিশ্লেষকরা বলছেন, আরাকান আর্মির এই অগ্রগতি মানবিক সংকট আরো জটিল করে তুলছে। রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের খবর পাওয়া গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, রাখাইনে ২০ লাখের বেশি মানুষ অনাহারে ভুগছে। চলতি মাসের শুরুতে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) জানিয়েছে, মধ্যাঞ্চলে ৫৭ শতাংশ পরিবার ন্যূনতম খাদ্য চাহিদা মেটাতে পারছে না।
বেসামরিক ক্ষতি এবং সৈন্যসংখ্যা বৃদ্ধি-
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে রাখাইনে আকাশপথে হামলা বেড়েছে। ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ) জানিয়েছে, ২০২৩ সালের শেষ থেকে ২০২৫ সালের মধ্যে আকাশপথে হামলায় ৪০২ বেসামরিক নিহত, যার মধ্যে ৯৬ শিশু। স্থলমাইন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে আরও ২৬ জন নিহত হয়েছেন।
সংঘাতে দুই পক্ষই সৈন্যসংখ্যা বৃদ্ধি করেছে। আরাকান আর্মি ১৮ থেকে ৪৫ বছর বয়সী পুরুষ এবং ১৮–২৫ বছর বয়সী নারীদের সৈন্য দলে যুক্ত করছে। সামরিক বাহিনীও ১৬ মাসের অভিযানে প্রায় ৭০ হাজার নতুন সদস্য বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে।

ভারত ও চীনের স্বার্থ-
রাখাইনের কিয়াকফিউ অঞ্চলে রয়েছে জ্বালানি পাইপলাইন এবং গভীর সমুদ্রবন্দর, যা চীনের ইউনান প্রদেশের সঙ্গে সংযুক্ত। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের জন্য এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের বিকল্প বাণিজ্য পথ তৈরির জন্য কালাদান প্রকল্পও রাখাইনে রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যদি আরাকান আর্মি উপকূলীয় বন্দরগুলো দখল করতে সফল হয়, তাহলে তারা ভারত ও চীনের জন্য গুরুত্বপূর্ণ পরিবহন ও বাণিজ্য পথ নিয়ন্ত্রণে আনতে পারবে। এর ফলে আর্থিক ও কৌশলগত প্রভাব বৃদ্ধি পাবে এবং মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

সংঘাতের ভবিষ্যৎ-
আরাকান আর্মি বর্তমানে মিয়ানমারের বিস্তৃত সশস্ত্র গোষ্ঠীসমূহের নেতৃত্ব দিচ্ছে। অন্য কোনো জাতিগত সশস্ত্র গোষ্ঠী এত সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করতে পারেনি। বিশ্লেষকরা মনে করছেন, বর্ষার সময়ে কিয়াকফিউতে আক্রমণ হলে সামরিক বিমান ব্যবহার সম্ভব হবে না, যা আরাকান আর্মির জন্য সুবিধাজনক হবে।
রাখাইনের বর্তমান পরিস্থিতি মিয়ানমার, বাংলাদেশ, ভারত ও চীনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানবিক সংকট, বেসামরিক ক্ষতি এবং আঞ্চলিক রাজনৈতিক প্রভাব এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে।

