মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের জন্য বর্ধিত করা রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা বাতিল করেছে। শুক্রবার (২৯ আগস্ট) হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়েছিলেন কমালা হ্যারিস। তবে নির্বাচনে তিনি বড় ব্যবধানে ট্রাম্পের কাছে পরাজিত হন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সাবেক ভাইস প্রেসিডেন্টরা ক্ষমতা ছাড়ার পর ছয় মাস পর্যন্ত রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা পেয়ে থাকেন। কিন্তু জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে প্রেসিডেন্সিয়াল আদেশে কমালার নিরাপত্তা সুবিধা ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছিলেন।
ট্রাম্প প্রশাসন শুক্রবার সেই সিদ্ধান্ত বাতিল করে কমালাকে চিঠি দিয়ে জানায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি আর নিরাপত্তা পরিষেবা পাবেন না।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কমালার জ্যেষ্ঠ উপদেষ্টা ও সচিব ক্রিস্টেন অ্যালেন বলেন, “ভাইস প্রেসিডেন্ট হ্যারিস পেশাদারিত্ব, নিষ্ঠা এবং কাজের প্রতি প্রতিশ্রুতির জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞ।”
ঘটনাটিকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবেও দেখছেন অনেকে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্ফিফ বলেন, “ট্রাম্পের কাছে প্রতিশোধই সবচেয়ে বড় এজেন্ডা, সেটি আবারও প্রমাণ হলো।”
ডেমোক্রেটিক পার্টি ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে হ্যারিসকে প্রার্থী করার পরিকল্পনা করেছিল। তবে তিনি ইতোমধ্যেই দলকে জানিয়েছেন যে গভর্নর নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো আগ্রহ তাঁর নেই। সম্প্রতি তিনি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা নিয়ে লেখা ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন ডেইজ বই প্রকাশ করেছেন এবং বর্তমানে বইয়ের প্রচার নিয়েই ব্যস্ত আছেন।

