রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন চলমান অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র ইউরি উশাকভ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
আগামীকাল ৩১ আগস্ট চীনের পর্যটন শহর তিয়ানজিনে শুরু হতে যাচ্ছে রাশিয়া-চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক ও আন্তঃসরকার জোট শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে ১ সেপ্টেম্বর। সম্মেলন শেষে তিয়ানজিনেই অনুষ্ঠিত হবে পুতিন-মোদি বৈঠক।
ক্রেমলিনে আয়োজিত সংবাদ সম্মেলনে উশাকভ বলেন, “ভারতের সঙ্গে রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। তাছাড়া ডিসেম্বর মাসে রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের আগে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে আলোচনা হবে।”
এদিকে মে মাসে পাকিস্তান-ভারত সংঘাত নিরসনে ভারতের ভূমিকা স্বীকৃতি না দেওয়া এবং রাশিয়া থেকে জ্বালানি আমদানির অভিযোগে চলতি আগস্টের শুরুতে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প প্রশাসন। এর ফলে যুক্তরাষ্ট্রের আরোপিত মোট রপ্তানি শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে।
শুল্ক বৃদ্ধির পর যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের টানাপোড়েন আরো স্পষ্ট হয়েছে। শুল্ক প্রত্যাহার বা আলোচনার জন্য এখনো কোনো প্রস্তাব দেয়নি নয়াদিল্লি। ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়া শুল্ক বৃদ্ধির আগে ট্রাম্প এক দিনে চারবার মোদিকে ফোন করলেও মোদি সাড়া দেননি।

