ইউক্রেনের বহুল আলোচিত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট এখন বড় ধরনের বিতর্কে। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে—অভিযোগ উঠেছে, তারা সরকারের কাছে তাদের তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রকল্পের দাম ও সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে।
অল্প কিছুদিন আগেও ফায়ার পয়েন্ট ছিল অচেনা একটি নাম। কিন্তু নিজেদের দীর্ঘপাল্লার ড্রোন FP-1 এবং নতুন প্রজন্মের ক্রুজ মিসাইল “ফ্ল্যামিঙ্গো” (FP-5) নিয়ে ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে রাতারাতি খ্যাতি পায় তারা। কোম্পানিটি দাবি করছে, এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে গভীর আঘাত হানতে সক্ষম—এমনকি সেন্ট পিটার্সবার্গ বা ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আবাসস্থলেও।
চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ক্ষেপণাস্ত্রটির প্রশংসা করে বলেছেন, এটি বর্তমানে ইউক্রেনের সবচেয়ে সফল মিসাইল এবং ফেব্রুয়ারি থেকে গণউৎপাদনে যেতে পারে।
ফ্ল্যামিঙ্গোর সক্ষমতা
কোম্পানির দেওয়া তথ্যমতে, ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র ইঞ্জিনচালিত, এক হাজার কেজি ওয়ারহেড বহনে সক্ষম এবং সর্বোচ্চ ৩ হাজার কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর ফলে এটি বর্তমান ইউক্রেনীয় ড্রোনগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
অন্যদিকে, ফায়ার পয়েন্টের FP-1 ড্রোন ইতোমধ্যেই রণাঙ্গনে কার্যকর প্রমাণ দিয়েছে। প্রায় ১,৬০০ কিলোমিটার পাল্লার এই ড্রোন রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়ে জ্বালানির ঘাটতি সৃষ্টি করেছে এবং পেট্রোলের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছে দিয়েছে।
দুর্নীতির অভিযোগ
তবুও প্রশ্ন উঠছে কোম্পানির স্বচ্ছতা নিয়ে। অভিযোগ হলো—FP-1 ড্রোন সরবরাহের সংখ্যা কিংবা যন্ত্রাংশের দাম নিয়ে ফায়ার পয়েন্ট হয়তো বাড়িয়ে বলেছে। নাবু এখন খতিয়ে দেখছে, কোম্পানিটি সরকারকে ভুল তথ্য দিয়ে মুনাফা করেছে কি না।
একজন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ফাবিয়ান হফম্যান মন্তব্য করেছেন—“ড্রোনগুলো কার্যকর এটা প্রমাণিত, তবে যদি প্রথম থেকেই চুক্তিগুলো দুর্নীতির মাধ্যমে পাওয়া হয়ে থাকে, তাহলে সেটি বড় ধরনের সমস্যা।”
একটি স্ক্রিনগ্রাবে ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেখা যাচ্ছে, যা ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
প্রতিষ্ঠানের প্রতিক্রিয়া ও বিতর্ক
ফায়ার পয়েন্ট তদন্তের কথা স্বীকার করলেও এটিকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের গুজব বলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে নাবু স্পষ্টভাবে জানিয়েছে, তারা ফ্ল্যামিঙ্গো মিসাইল নিয়ে কোনো তদন্ত করছে না। তবে FP-1 ড্রোন নিয়ে তদন্ত চলছে কি না, সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি।
এদিকে, দ্য ইকোনমিস্ট জানিয়েছে, প্রতিষ্ঠানটির রাষ্ট্রপতি কার্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠতা, প্রতিযোগিতাহীন অর্থায়ন এবং এমনকি ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র আদৌ পুরোপুরি ইউক্রেনীয় তৈরি কি না—এসব নিয়েও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফায়ার পয়েন্ট অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।
তবে একই সঙ্গে কিছু কর্মকর্তা আবার ক্ষেপণাস্ত্রটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন—যারা আগে এর বাস্তবতা নিয়েই সন্দিহান ছিলেন।
উৎপাদন বাড়ানোর পরিকল্পনা
গত সপ্তাহে ফায়ার পয়েন্ট অ্যাসোসিয়েটেড প্রেসকে তাদের উৎপাদন কেন্দ্র দেখার সুযোগ দেয়। জানা যায়, দুর্ঘটনাবশত গোলাপি রঙে বের হওয়া প্রথম ব্যাচ থেকেই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয় ‘ফ্ল্যামিঙ্গো’। আরেকটি অনন্য দিক হলো—এই কারখানার উৎপাদন প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।
প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইরিনা তেরেখ জানিয়েছেন, তারা এখন দিনে একটি করে ক্ষেপণাস্ত্র তৈরি করছে, কিন্তু অক্টোবর নাগাদ প্রতিদিন সাতটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তবে বিশ্লেষক হফম্যানের মতে, এই লক্ষ্য অনেকটাই আশাবাদী শোনাচ্ছে, বিশেষ করে যেহেতু ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান মোটর সিচ এখন বড় ধরনের চাপের মুখে রয়েছে।
হফম্যানের ভাষায়—“আমার কাছে এটা বিশ্বাসযোগ্য যে, এমন একটি মিসাইল সিস্টেম বাস্তবেই আছে এবং পর্যাপ্ত সংখ্যায় উৎপাদনও সম্ভব। তবে এখন আসল চ্যালেঞ্জ হলো, কোম্পানি তাদের বড় বড় দাবি বাস্তবের সঙ্গে মেলাতে পারে কি না।”