রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহান্তে চীন সফরে যাচ্ছেন। ক্রেমলিন একে বলছে “একটি সত্যিকারের অভূতপূর্ব সফর”। প্রায় এক সপ্তাহব্যাপী এই সফরে পুতিন অংশ নেবেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং বেইজিংয়ের ভিক্টরি ডে সামরিক কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে উত্তর কোরিয়ার কিম জং উন এবং ইরান-কিউবার নেতারাও থাকবেন।
বিশ্লেষকরা বলছেন, এই সফরে প্রধান আলোচ্য বিষয় হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন ও রাশিয়ার অবস্থানকে একসঙ্গে নিয়ে আসা। কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের পরিচালক আলেকজান্ডার গাবুয়েভ বলেন, “এটা এমন একটা সময় যখন দুই নেতার দরকার কোথায় যুদ্ধ যাচ্ছে আর থামার কোনো সম্ভাবনা আছে কি না—সে বিষয়ে মিল খুঁজে বের করা।”
রাশিয়ার কাছে বড় প্রশ্ন হলো, বেইজিং কি সামনের দিনে আরও সাহায্য দেবে এবং যদি যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে তবে চীনের প্রতিক্রিয়া কী হবে।
ইউক্রেন যুদ্ধ চলাকালে চীন রাশিয়ার অর্থনৈতিক ভরসা হয়ে উঠেছে। ২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছায় ২৪০ বিলিয়ন ডলারে—যা যুদ্ধ-পূর্ব সময়ের চেয়ে দুই-তৃতীয়াংশ বেশি। এখন রাশিয়ার প্রধান তেল-গ্যাস ক্রেতা হলো চীন। তবে সাম্প্রতিক সময়ে চীনে রুশ তেল রপ্তানি কমায় বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে, যা কাটাতে পুতিন বেইজিংয়ে জোর দিচ্ছেন। আলোচনায় থাকবে “পাওয়ার অফ সাইবেরিয়া-২” গ্যাস পাইপলাইন প্রকল্প এবং নতুন তেল সরবরাহের পরিকল্পনা।
যদিও চীন সরাসরি সামরিক সহায়তা দেয়নি, যুক্তরাষ্ট্রের দাবি—রাশিয়ার যুদ্ধশক্তি পুনর্গঠনে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সেমিকন্ডাক্টরের বেশিরভাগই আসছে চীন থেকে। এর বিনিময়ে চীন সংবেদনশীল প্রতিরক্ষা প্রযুক্তি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সেপ্টেম্বরের ৩ তারিখে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে পুতিন ও শি পাশাপাশি বসবেন ভিক্টরি ডে কুচকাওয়াজে—যা রাশিয়ার মস্কো রেড স্কয়ারের কুচকাওয়াজের প্রতিচ্ছবি। ইতিহাসে নিজেদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী শক্তি হিসেবে তুলে ধরা দুই দেশের জন্য এ প্রতীকী উপস্থিতি গুরুত্বপূর্ণ।
এই কুচকাওয়াজে কিম জং উনের উপস্থিতি উত্তর কোরিয়াকে ঘিরে মস্কো-বেইজিং টানাপোড়েন কমাতেও সহায়ক হতে পারে। রাশিয়া সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে—মিসাইল ও ড্রোন প্রযুক্তি দিয়েছে, আর কিম মস্কোর পক্ষে হাজারো সেনা পাঠিয়েছে। বিশ্লেষক ভাসিলি কাশিনের মতে, কিমকে বেইজিং আমন্ত্রণ জানানো চীনের জন্য উত্তর কোরিয়ার সঙ্গে প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা।
ওয়াশিংটন এই সফর ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে মস্কোকে বেইজিং থেকে সরিয়ে আনার। তবে অধিকাংশ বিশ্লেষক মনে করেন, রাশিয়া-চীনের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে একে ভাঙা সম্ভব নয়।
চীন ও রাশিয়া উভয়ই এখন কিছুটা আত্মবিশ্বাসী অবস্থায় আছে। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ স্থগিত করেছে, আবার ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে কিছুটা কঠোর হুমকি দিলেও এখনো শি জিনপিংকে যুদ্ধ থামাতে চাপ দিচ্ছে না। ফলে, চীন যুদ্ধ বন্ধ করতে বিশেষ উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা নেই।
গাবুয়েভের ভাষায়—“চীন ভালোভাবেই জানে শান্তির সম্ভাবনা অতি ক্ষীণ। তাই তারা কূটনৈতিক অভিনয় করে যাবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই করবে না।”

