রাশিয়ার সীমান্তবর্তী দুটি গুরুত্বপূর্ণ সেতু ড্রোন হামলার মাধ্যমে ধ্বংস করেছে ইউক্রেনের সেনাবাহিনী। হামলায় ব্যবহৃত ড্রোনগুলো বর্তমান বাজারের দৃষ্টিকোণ থেকে সস্তা ধরনের।
গত শুক্রবার বেলগোরোদ প্রদেশে ইউক্রেনের ৫৮তম সেপারেট মটোরাইজড ইনফ্যান্ট্রি এই হামলা চালায়। ব্রিগেডের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, “গোয়েন্দাসূত্রে খবর পেয়েছিলাম যে সীমান্তবর্তী সেতুর নিচে মাইন রাখা হয়েছে। প্রথমে আমরা সাধারণ পর্যবেক্ষণ ড্রোন পাঠাই কিন্তু সেটি মাইনের অস্তিত্ব নিশ্চিত করতে পারেনি। পরে ফার্স্ট-পারসন-ভিও ড্রোন ব্যবহার করা হয়, যা মাইন থাকার বিষয়টি নিশ্চিত করেছে।”
তিনি আরো জানান, “আরেকটি সেতুতেও বিশেষ ড্রোন পাঠানো হয়। সেখানে মাইন থাকার বিষয় নিশ্চিত হওয়ায় সেই সেতুটিও ধ্বংস করা হয়। রুশ বাহিনী এমনভাবে মাইন স্থাপন করেছিল যে মানুষ কিংবা সাধারণ পর্যবেক্ষণ ড্রোন সহজে তা শনাক্ত করতে পারতো না।”
ধ্বংস হওয়া সেতুগুলো রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। বেলগোরোদ সীমান্তে রুশ সেনাদের খাদ্য ও রসদ পৌঁছানোর প্রধান রুট ছিল। তবে সীমান্তে সংঘাত বেড়ে যাওয়ায় সেতু দু’টির পিলারের নিচে মাইন ও শক্তিশালী বিস্ফোরক স্থাপন করা হয়েছিল। ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, “রুশ বাহিনী পরিকল্পনা করেছিল, যদি আমরা রাশিয়ার মূল ভূখণ্ডে প্রবেশ করি, সেতু পার হওয়ার সময় মাইন বিস্ফোরিত হবে। হামলায় ব্যবহৃত দুই ড্রোন মাইনে আঘাত হানায় বিস্ফোরণ ঘটেছে।”
সিএনএন তথ্য অনুসারে, এই হামলায় ব্যবহৃত ড্রোন দুটি ব্যয়বহুল যুদ্ধাস্ত্র ছিল না। ড্রোনগুলোর বাজার মূল্য ৬০০ থেকে ৭২৫ ডলারের মধ্যে। তবে তা ইউক্রেনে আমদানি করা হয়েছিল নাকি দেশীয়ভাবে তৈরি, তা স্পষ্ট করা হয়নি।
২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি না দেওয়ার পর এবং ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এবার প্রথমবার কমদামী ড্রোন ব্যবহার করে রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করল ইউক্রেন।

