ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘাত শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল থেকে এই সংঘাত চলতে থাকে। সংঘাতে ইতোমধ্যে এক জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ জন এবং আরো চারজন নিখোঁজ রয়েছেন।
আনাদোলু এজেন্সি ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল আই২৪ এবং জর্ডানভিত্তিক রোয়া নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধকালীন মন্ত্রিসভার নির্দেশে গাজা সিটির দিকে অগ্রসর হচ্ছিলেন ইসরায়েলি সেনারা। এই সময় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রতিরোধের মুখে পড়েন তারা।
চ্যানেল আই২৪ এবং অন্যান্য ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী ও আল-কাসাম ব্রিগেডের মধ্যে সংঘটিত যেসব সংঘাত হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে গুরুতর। তবে ইসরায়েলের সামরিক বাহিনী সংবাদমাধ্যমগুলোকে সংঘাতের হালনাগাদ তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে। আইডিএফ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নিখোঁজ সেনারা হামাসের হাতে বন্দি হয়েছে কি না, এ বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। শনিবার দুপুরে আল-কাসাম ব্রিগেডের শীর্ষ কমান্ডার আবু উবেইদা টেলিগ্রামে বলেছেন, “যারা ভুলে যায়, তাদের আমরা স্মরণ করিয়ে দিই—মৃত্যু অথবা বন্দিদশা।” তিনি কিছু সংঘাতক্ষুব্ধ গাজা সিটির ছবি পোস্ট করে উল্লেখ করেন, ইসরায়েল যদি সম্পূর্ণ গাজা দখলের পরিকল্পনা চালিয়ে যায়, তাহলে তা ইসরায়েলের সরকার ও সামরিক নেতৃত্বের জন্য বিপর্যয়কর হবে।
আবু উবেইদা আরো বলেন, সংঘাতস্থলগুলোতে ফিলিস্তিনি যোদ্ধাদের পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় বন্দি করা ইসরায়েলি জিম্মিরাও রয়েছে। যদি এই সংঘাতে কোনো জিম্মি নিহত হয়, তাহলে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে এবং দায় সম্পূর্ণ ইসরায়েলি বাহিনীর ওপর পড়বে।
গত বৃহস্পতিবার থেকে গাজা দখলের অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই অভিযান শুরুর আগে গাজা ‘বিপজ্জনক সংঘাতপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করেছে আইডিএফ।

