ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে সৌদি আরবে পড়ে গেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে প্রবেশে ব্যর্থ হয়েছে বলে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।
হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে পড়ার সময় ইসরায়েলে কোনো সতর্কতা জারি হয়নি এবং কোনো সাইরেনও বাজেনি। হামলার এই প্রতিশোধমূলক অভিযান ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর ঘটেছে, যেখানে বেশ কয়েকজন হুথি শীর্ষ কর্মকর্তার মৃত্যু হয়।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়ি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি ইরান-সমর্থিত এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় জড়িত বলে অভিযোগ রয়েছে। আল জুমহুরিয়া চ্যানেল এবং আদেন আল গাদ সংবাদপত্র জানায়, আহমেদ আল রাহাওয়ি একটি অ্যাপার্টমেন্টে নিহত হন এবং তার সঙ্গে থাকা কয়েকজন সঙ্গীরও মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসরায়েল আলাদা কয়েকটি হামলায় ১০ জন হুথি মন্ত্রীকে লক্ষ্য করেছে। তারা রাজধানীর বাইরে হুথি নেতা আব্দুল মালিক আল হুথির বক্তৃতা শোনার জন্য একত্রিত হয়েছিলেন। সেই সমাবেশ লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালানো হয়।

