ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দেশের সংবেদনশীল স্থান ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের তথ্য ইসরায়েলে প্রেরণের পরিকল্পনা করা সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে অনলাইন প্রশিক্ষণ নিয়েছিল।
শুক্রবার (৩০ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লঞ্চার, বোমা, বিস্ফোরক ও বুবি ট্র্যাপ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। ইরান জানিয়েছে, অভিযানটি তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগ মুহূর্তে চালানো হয়েছে।
জুন মাসে ইরানে ইসরায়েলের হামলার সময় ১২ দিনের যুদ্ধে পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ, শীর্ষ সামরিক কমান্ডার হত্যা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটেছিল। এরপর বিপ্লবী গার্ড বাহিনী গুপ্তচরবৃত্তি রোধে ব্যাপক অভিযান চালায়। এই মাসের শুরুতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ২১,০০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরান সাম্প্রতিক সময়ে কমপক্ষে আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এর মধ্যে পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাদিও রয়েছেন। ইসরায়েলি হামলায় নিহত আরেক বিজ্ঞানীর তথ্য দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হয়।
তবে মানবাধিকার গোষ্ঠী মনে করছে, ইরান এই ধরনের গুপ্তচরবৃত্তির অভিযোগকে রাজনৈতিক দমন এবং দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

