ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার থেকে শুরু হওয়া আন্দোলন মূলত আইনপ্রণেতাদের বেতন-ভাতা কমানো, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কর হ্রাস ও দুর্নীতিবিরোধী ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে চলছে।
জাকার্তার পুলিশ সদর দফতর এবং সংসদ ভবনের বাইরে বিক্ষোভকারীরা সরকারি স্থাপনায় ভাঙচুর চালানো এবং কয়েকটি গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে।
গত বৃহস্পতিবার পুলিশের গাড়িচাপায় ডেলিভারি রাইডার আফান কুর্নিয়াওয়ান নিহত হওয়ায় বিক্ষোভের মাত্রা আরো বৃদ্ধি পায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আফান গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারান। এর প্রতিবাদে শুক্রবার জাকার্তায় মোবাইল ব্রিগেড কর্পসের সদস্যরা সদর দফতরের সামনে সমাবেশ করেন এবং ছাত্র সংগঠনগুলোও একই স্থানে বিক্ষোভে অংশগ্রহণের ডাক দিয়েছে।
প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো আফানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, “পুলিশ সদস্যদের অতিরিক্ত শক্তি প্রয়োগে আমি হতবাক ও হতাশ। একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি। এতে জড়িত কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে, তবে বিক্ষোভ আরো তীব্র আকার নিতে পারে। নাগরিক অধিকার সংস্থা ও সুশীল সমাজ পুলিশের কঠোর হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।

