ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার এ তথ্য জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দেশের স্পর্শকাতর স্থাপনা ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের তথ্য পাচারের চেষ্টা করছিলেন। অভিযোগে বলা হয়েছে, গত জুনে ইসরায়েলের বিমান হামলার সময় তাঁরা মোসাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিলেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সেই তথ্যের ভিত্তিতে ইসরায়েল একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও সাধারণ মানুষ নিহত হন। ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধের পর এটি দেশটির ওপর সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিরা অনলাইনে মোসাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন। পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের উত্তর-পূর্বাঞ্চল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় রকেট লঞ্চার, বোমা, বিস্ফোরক ও ফাঁদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে প্রায় ২১ হাজার ‘সন্দেহভাজন’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি।
সম্প্রতি কয়েক মাসে ইরানে অন্তত আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন পরমাণুবিজ্ঞানী রুজবেহ বাদি। গত ৯ আগস্ট তাঁকে ফাঁসি দেওয়া হয়। অভিযোগ ছিল, তিনি আরেক বিজ্ঞানীর তথ্য ইসরায়েলের কাছে সরবরাহ করেছিলেন। সেই বিজ্ঞানী পরে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন।

