ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনে আরো ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন ৪৭ জন। নিহতদের মধ্যে অন্তত ১১ জন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণ হারান। রবিবার (৩১ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা নগরী ছেড়ে শত শত ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন। সামান্য মালপত্র ট্রাক, ভ্যান বা গাধার গাড়িতে করে তারা আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়েছেন। নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে দেইর আল-বালাহ এলাকায় বহু পরিবার খোলা আকাশের নিচে তাঁবু গেড়ে বসবাস শুরু করেছে। এদের অধিকাংশকেই একাধিকবার ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে।
পঞ্চাশ বছর বয়সী বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ মারুফ বলেন, “আমরা রাস্তায় পড়ে আছি। কী বলব? কুকুরের মতো? না, কুকুরের চেয়ে খারাপ অবস্থায় আছি আমরা।” তিনি জানান, নয় সদস্যের পরিবার নিয়ে তারা আগেই উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। আরেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ আবু ওয়ারদা জানান, তিনি উত্তর গাজার জাবালিয়া থেকে পশ্চিম গাজার দিকে যাচ্ছেন, তবে নিরাপদ আশ্রয়ের কোনো নিশ্চয়তা নেই।
আগস্টের শুরু থেকে ইসরায়েলি সেনারা গাজা নগরীতে হামলা বাড়িয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, নগরী দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার লক্ষ্যেই এই অভিযান চলছে। শুক্রবার ইসরায়েল নগরী দখলের ‘প্রাথমিক ধাপ’ শুরু করার ঘোষণা দিয়ে গাজা নগরীকে “যুদ্ধক্ষেত্র” ঘোষণা করে।
শনিবার হাসপাতাল সূত্রে জানা যায়, শুধু ওই দিনেই গাজা নগরীতে ৪৭ জনসহ মোট ৭৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকায় আবাসিক ভবনে হামলায় অন্তত সাতজন নিহত হন। ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকাজ চালাচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবকেরা।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, “গাজা নগরীজুড়ে হামলা আরও বাড়ছে। ঘরবাড়ি, কমিউনিটি সেন্টার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ দুর্ভিক্ষ, অনাহার আর পানিশূন্যতার মধ্যে রয়েছে। পুরো পরিস্থিতি মানবিক বিপর্যয়ে গড়াচ্ছে।”
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রধান মিরজানা স্পোলজারিচ এগার বলেন, গাজা নগরীর জনগণকে গণহারে উচ্ছেদ করার ইসরায়েলি পরিকল্পনা “অবাস্তব ও অগ্রহণযোগ্য”। তার মতে, বর্তমান পরিস্থিতিতে এমন কিছু নিরাপদ ও সম্মানজনকভাবে করা সম্ভব নয়।
তবে আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার হামলা অব্যাহত রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তায় বিপুল অর্থ দিয়েছে এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলকে দায়মুক্তি দিয়ে আসছে। এ বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেন, যা আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ ও জাতিগত নিধনের শামিল বলে সমালোচিত হয়।

