রাশিয়া-চীনের সম্পর্ক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, অর্থনীতি থেকে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে।
শনিবার (৩০ আগস্ট) রাতে বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
চীনের সংবাদসংস্থা সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, “রাশিয়া ও চীনের সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায়।” তিনি উল্লেখ করেন, ২০২১ সালের পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ১০০ বিলিয়ন ডলার বেড়েছে।
পুতিন বলেন, “চীন এখন রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার এবং রাশিয়া গত বছর চীনের পঞ্চম বৃহত্তম বৈদেশিক অংশীদারে পরিণত হয়েছে।” তিনি জানান, আগে ডলারে লেনদেন হলেও এখন দুই দেশ প্রায় সম্পূর্ণভাবে জাতীয় মুদ্রায় বাণিজ্য করছে, যেখানে ডলার ও ইউরোর ব্যবহার পরিসংখ্যানগতভাবে খুবই নগণ্য।
পুতিন আরও বলেন, রাশিয়া এখনও চীনের শীর্ষ জ্বালানি সরবরাহকারী। ২০১৯ সালে চালু হওয়া ‘পাওয়ার অব সাইবেরিয়া’ গ্যাস পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ইতোমধ্যেই ১০০ বিলিয়ন ঘনমিটার ছাড়িয়েছে। তার মতে, ২০২৭ সালে পূর্বাঞ্চলীয় গ্যাস পাইপলাইন চালু হলে রাশিয়ার জ্বালানি সরবরাহ ও গাড়ি রপ্তানির মাধ্যমে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে।
তিনি জানান, শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত ক্ষেত্রেও রাশিয়া-চীনের সমন্বয় বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। জাতিসংঘ এবং ইউএন চার্টারের সুরক্ষায় ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যৌথ উদ্যোগকে তিনি গ্লোবাল সাউথের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
রাশিয়া ও চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে, যাতে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ে। এছাড়া ব্রিকসে সক্রিয় সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক কাঠামোতে প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়েও কাজ করছে দুই দেশ।
পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সংস্কারের আহ্বান জানান। তিনি বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে এমন একটি নতুন বৈশ্বিক আর্থিক কাঠামো গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন, যা হবে ন্যায্য, উন্মুক্ত এবং ঔপনিবেশিক মানসিকতার ঊর্ধ্বে।
প্রসঙ্গত, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে রোববার থেকে চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন পুতিন। তিনি প্রথমে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে যোগ দেবেন এবং পরে বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের পরাজয়ের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

