ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ৫ হাজার বছরেরও বেশি পুরোনো একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। দেশটির মসুল বাঁধের পানির স্তর হঠাৎ কমে যাওয়ার পরই এই নগরীর অস্তিত্ব প্রকাশ পায়।
খননকালে প্রাচীন যুগের অক্ষত প্রত্নবস্তু ও বিভিন্ন নিদর্শন উদ্ধার করা হয়েছে। দুহোক প্রদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, হেলেনিস্টিক যুগের (খ্রিস্টপূর্ব ৩০০ সালের কাছাকাছি) অন্তত ৪০টি মাটির কফিনসহ বৃহৎ একটি কবরস্থানের সন্ধান মিলেছে।
বিশেষজ্ঞরা দ্রুত খননকাজ চালাচ্ছেন, যাতে আবার পানি বৃদ্ধি পেয়ে সমাধিগুলো ক্ষতিগ্রস্ত না হয়। প্রাথমিক গবেষণায় ধারণা করা হচ্ছে, এই স্থানটিতে নিনেভেহ ভি যুগ, প্রাচীন ও মধ্য ব্রোঞ্জ যুগ, মিতানি রাজ্য, নব্য-আসিরীয় সাম্রাজ্য এবং ইসলামী যুগ পর্যন্ত বিভিন্ন সময়ের নিদর্শন রয়েছে।
খননকালে মাটির পাত্রের ভাঙা টুকরো এবং হেলেনিস্টিক যুগের অক্ষত প্রত্নবস্তু পাওয়া গেছে, যা নগরীর ঐতিহাসিক গুরুত্বকে আরও প্রতিফলিত করছে। সাইটটি দুহোক প্রদেশের দক্ষিণের পুরোনো খানকে গ্রামে অবস্থিত। ১৯৮৬ সালে মসুল বাঁধ নির্মাণের পর গ্রামটি পানির নিচে চলে যায়, আর এ বছর অস্বাভাবিকভাবে পানির স্তর কমে যাওয়ায় ধ্বংসাবশেষ প্রকাশ্যে এসেছে।
দুহোক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক বেক্স ব্রিফকানি জানান, এই আবিষ্কার অঞ্চলের ইতিহাসকে সমৃদ্ধ করবে এবং উত্তর মেসোপটেমিয়ার সাংস্কৃতিক বিনিময় ও ইতিহাস সম্পর্কে নতুন তথ্যের সুযোগ দেবে।

