ভারতের রাজধানী দিল্লি থেকে উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়, ফলে মাঝ-আকাশে যাত্রীরা আতঙ্কিত হন। তবে পাইলট দ্রুত ইঞ্জিন বন্ধ করে বিমানটিকে আবার দিল্লি বিমানবন্দরে নিরাপদে ফেরান। সকল যাত্রী নিরাপদে আছেন বলে জানিয়েছে এয়ারলাইন্স।
রোববার (৩১ আগস্ট) সকালে দিল্লি থেকে ইন্দোরগামী এআই২৯১৩ ফ্লাইটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ককপিটে ক্রু ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। পরে পাইলট তড়িঘড়ি সেই ইঞ্জিন বন্ধ করেন। বিমানের বাম দিকের ইঞ্জিন সচল থাকায় বিমান আরও কিছুক্ষণ আকাশে ভেসে থাকতে সক্ষম হয়। পরে নিরাপদে দিল্লি বিমানবন্দরে অবতরণ করা হয়।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, ফ্লাইটটি পরীক্ষা করা হচ্ছে। ইঞ্জিনে সমস্যা কেন হলো এবং ভবিষ্যতে এমন ঝুঁকি আছে কি না, তা দেখা হচ্ছে। যাত্রীদের ইন্দোর পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এয়ারলাইন যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পর ধ্বংস হয়ে ২৬০ জনের মৃত্যু ঘটে। এরপর থেকে সংস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রোববারের ঘটনায় অল্পের জন্য বড় বিপদ এড়িয়ে যাত্রীরা নিরাপদে ফিরে এসেছে।

