নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন-
১৬ জুন, ইসরায়েল-ইরান সংঘাতের চতুর্থ দিন। ইরানের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতৃত্ব একটি গোপন বৈঠকে বসেন পাহাড়ের পাদদেশে অবস্থিত মাটির প্রায় ১০০ ফুট গভীর বাঙ্কারে। বৈঠকটি এতটাই গোপনীয় ছিল যে, অংশগ্রহণকারীদের কারও কাছে মোবাইল ফোন রাখা হয়নি এবং প্রত্যেকে আলাদা গাড়িতে করে সেখানে পৌঁছান।
কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও হানা দেয় ইসরায়েলি বাহিনী। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের যুদ্ধবিমান ছয়টি বোমা নিক্ষেপ করে বাঙ্কারের দুটি প্রবেশ ও বহির্গমন পথ লক্ষ্য করে। ভেতরে থাকা কেউ হতাহত না হলেও বাইরে দায়িত্বে থাকা কয়েকজন প্রহরী নিহত হন।
এই হামলা ইরানের গোয়েন্দা সংস্থার নিরাপত্তা ঘাটতি উন্মোচন করে দেয়। ইরানি কর্মকর্তারা দ্রুত জানতে পারেন, তাদের শীর্ষ নেতাদের অবস্থান শনাক্ত করা হয়েছে দেহরক্ষীদের মোবাইল ফোন হ্যাক করে। ওই দেহরক্ষীরা বাঙ্কারের বাইরে অবস্থান করছিলেন। ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শীর্ষ বৈঠকের গোপন তথ্য ফাঁস হওয়ার ঘটনা আগে কখনো প্রকাশ্যে আসেনি। বিশ্লেষকদের মতে, এটি ছিল ইসরায়েলের এক গুরুত্বপূর্ণ গোয়েন্দা অভিযান, যার মূল লক্ষ্য ছিল ইরানের নেতৃত্বকে সরাসরি টার্গেট করা।

বারো দিনের সংঘাতে ইসরায়েলি গোয়েন্দারা এই প্রযুক্তি ব্যবহার করে পারমাণবিক বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের গতিবিধি নির্ণয় করেন। দেহরক্ষীদের অসতর্ক ফোন ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট দেওয়ার প্রবণতা ইসরায়েলি বাহিনীকে এ কাজে সহায়তা করে। জুন মাসে সংঘাতের প্রথম সপ্তাহেই একাধিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ইরানি কর্মকর্তারা নিহত হন।
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক সাসান কারিমি বলেন, জ্যেষ্ঠ সামরিক বা সরকারি কর্মকর্তারা ফোন ব্যবহার না করলেও তাদের দেহরক্ষী ও চালকেরা সতর্কবার্তা অবহেলা করতেন, যা নিরাপত্তার বড় ফাঁক তৈরি করেছিল। নিউ ইয়র্ক টাইমস এই হামলার তথ্য সংগ্রহ করেছে পাঁচজন ইরানি কর্মকর্তা ও নয়জন ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার সাক্ষাৎকার থেকে। তাদের মধ্যে দুজন ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের সদস্য।
চলতি মাসে ইরান এক পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যিনি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন বলে অভিযোগ। আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাকে নীরবে গ্রেপ্তার বা গৃহবন্দী করা হয়েছে। ইসরায়েল এই সংযোগের বিষয়টি প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেনি।

ইসরায়েলি সূত্র জানিয়েছে, ২০২২ সালের শেষ দিকে তারা ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের নজরদারি শুরু করে। গত বছরের অক্টোবরে হত্যা অভিযান চালানোর পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এড়াতে তা স্থগিত করা হয়। তবে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকে। ইরানের পারমাণবিক আর্কাইভ থেকে চুরি হওয়া নথি যাচাই করে প্রথমে ৪০০ জনকে হত্যার তালিকায় রাখা হয়, পরে তা ১০০ জনে সীমাবদ্ধ করা হয়।
তেল আবিবের এক কর্মকর্তা জানান, এই অভিযানের কোডনেম ছিল ‘অপারেশন রেড ওয়েডিং’, জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনস-এর একটি এপিসোড থেকে নেওয়া নাম। প্রথম লক্ষ্যবস্তু ছিলেন ইরানের বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ।
বিপ্লবী গার্ডের নবনিযুক্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ভাহিদি স্থানীয় এক সাংবাদিককে বলেন, আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট ও ইলেকট্রনিক ডেটা ব্যবহার করে শত্রুরা কণ্ঠস্বর ও ছবি পর্যন্ত সংগ্রহ করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে এখন নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে। দেহরক্ষীদের ফোন ব্যবহার ও হোয়াটসঅ্যাপ যোগাযোগে সতর্ক থাকতে বলা হয়েছে, যা ইরানে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ।

