আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্ত ঘেঁষে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১১৫ জন। তাঁদের নানগারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর আরও তিনটি আফটারশক অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
রাজধানী কাবুলে প্রায় ২০০ কিলোমিটার দূর থেকেও কয়েক সেকেন্ড ধরে কম্পন টের পাওয়া যায়। এমনকি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে, সেখানেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অগভীর ভূমিকম্প হওয়ার কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বেশি। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চলছে।

