মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো আবারও ভারতের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন। ট্রাম্পের ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে সমর্থন করে নাভারো এবার জাতপাত ইস্যুও সামনে এনেছেন।
ফক্স নিউজকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে নাভারো অভিযোগ করেন, ভারতের ‘ব্রাহ্মণরা সাধারণ মানুষের ক্ষতি করে নিজেদের মুনাফায় ব্যস্ত।’ একই সঙ্গে তিনি ভারতকে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ‘ক্রেমলিনের মানি লন্ডারিং সেন্টার’ হিসেবেও আখ্যা দেন।
নাভারোর দাবি, ভারতের শুল্কহার বিশ্বে সবচেয়ে বেশি। তিনি বলেন, “ভারত হলো শুল্কের মহারাজা। তারা আমাদের তাদের বাজারে প্রবেশ করতে দেয় না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মার্কিন শ্রমিক ও করদাতারা। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় মানুষ মারা যাচ্ছে, আর ভারত এই ভারসাম্যহীন বাণিজ্যের সুযোগ নিচ্ছে।”
মোদির প্রশংসা, তবে প্রশ্নও
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মহান নেতা’ বলে উল্লেখ করলেও নাভারো তাঁর পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন মোদি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নেতৃত্ব দিয়েও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। নাভারোর মতে, এই ঘনিষ্ঠতা ভারতের ভাবমূর্তিকে দুর্বল করছে।
তিনি সরাসরি ভারতীয় জনগণকে উদ্দেশ করে বলেন, “আপনাদের দেশে ব্রাহ্মণরা নিজেদের মুনাফার জন্য সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। এটা বন্ধ হওয়া দরকার।”
এটাই প্রথম নয়, এর আগেও নাভারো ভারতের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন। গত শুক্রবার তিনি দাবি করেন, রাশিয়ার সস্তা তেল কিনে ভারত বিপুল মুনাফা করছে। তাঁর ভাষায়, “ভারতের বড় তেল লবি দেশটিকে ক্রেমলিনের বিশাল পরিশোধনাগার ও তেল মানি লন্ডারিং সেন্টারে পরিণত করেছে।”
নাভারো অভিযোগ করেন, ভারতীয় রিফাইনাররা রাশিয়ার সস্তা তেল কিনে প্রক্রিয়াজাত করছে এবং পরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় রপ্তানি করছে। এভাবে ভারত নিরপেক্ষতার অজুহাতে রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে।

