আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন। দেশটির তথ্য মন্ত্রণালয় আনাদোলু এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (৩১ আগস্ট) রাতের এই ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১৯টা ১৭ মিনিটে ৬.০ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার।
তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ বহু দুর্গম এলাকায় এখনও যোগাযোগ সম্ভব হয়নি এবং উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন।
আফগান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দুঃখজনকভাবে, আজ রাতের ভূমিকম্পে পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষতি হয়েছে।’ তিনি জানান, স্থানীয় প্রশাসন, বাসিন্দা এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা দলগুলো উদ্ধারকাজে অংশ নিচ্ছে।
ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পর অন্তত দুটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে, যার মধ্যে একটি ছিল ৫.২ মাত্রার। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভূমিকম্পের কারণে সাওকি জেলার দেওয়াহ গুল এবং নূর গুল জেলার মাজার দারার সড়ক ভূমিধসে বন্ধ হয়ে গেছে, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, দুর্গত এলাকায় জীবন বাঁচাতে সব ধরনের সম্পদ ব্যবহার করা হবে। উদ্ধারকারী দলগুলোকে দুর্গম এলাকায় পাঠানো হচ্ছে।

