ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামাস এখনও বিষয়টি নিশ্চিত করেনি। সোমবার (১ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ এক্সে পোস্ট দিয়ে সেনাবাহিনী (আইডিএফ) ও গোয়েন্দা সংস্থা শিন বেটকে “ত্রুটিহীন অভিযানের” জন্য অভিনন্দন জানান। ইসরায়েলের দাবি, রাজধানী গাজা সিটির আল-রিমাল এলাকায় শনিবারের বিমান হামলায় আবু উবাইদা নিহত হন। হামলায় ছয়তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একসঙ্গে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। লক্ষ্য ছিল একটি ফ্ল্যাট, যা মূলত দাঁতের চিকিৎসকের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর বিপুল পরিমাণ অর্থ উড়তে দেখা যায়, যার একটি অংশ স্থানীয়রা সংগ্রহ করলেও পরবর্তীতে হামাস তা উদ্ধার করে।
স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, ওই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। আহত হয়েছেন ২০ জন। হামাস দাবি করেছে, ইসরায়েলি হামলায় আবাসিক ভবনগুলোয় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
আইডিএফ ও শিন বেটের যৌথ বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ও গোয়েন্দা শাখার আগাম তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু উবাইদার অবস্থান শনাক্ত করা হয়। প্রতিরক্ষামন্ত্রী ক্যাটজ সতর্ক করে বলেছেন, গাজা সিটিতে অভিযানের গতি বাড়ানোর সঙ্গে হামাস নেতাদের আরো “সহযোগীদের” টার্গেট করা হবে। এটি গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনারই অংশ।
আবু উবাইদা হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার আগের সময় থেকে সক্রিয় ছিলেন। সবসময় মুখে ফিলিস্তিনি কাপড়ে ঢাকা অবস্থায় প্রকাশ্যে বক্তব্য দেওয়া এই নেতা হামাস সমর্থকদের কাছে মধ্যপ্রাচ্যে প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। ধারণা করা হয়, প্রায় ৪০ বছর বয়সী আবু উবাইদা গত শুক্রবার দেওয়া এক ভাষণে শেষবারের মতো ইসরায়েলি বন্দিদের পরিণতি নিয়ে হুঁশিয়ারি দেন এবং গাজা সিটিতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধেও সতর্ক করেন।

