রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার প্রচেষ্টাকে রাশিয়ার জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি একই সঙ্গে ইউক্রেন সংকটের মূল কারণ মোকাবিলা করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম শীর্ষ সম্মেলনে পুতিন বলেন, “কিয়েভকে ন্যাটোতে টানার পশ্চিমা প্রচেষ্টা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল কারণ এবং এটি রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।” তিনি আরও দাবি করেন, ইউক্রেন সংকট কোনো আগ্রাসনের কারণে নয়, বরং কিয়েভে পশ্চিমা সমর্থনে হওয়া এক অভ্যুত্থানের ফল।
পুতিন জানান, ইউক্রেন সংকটের সমাধান দীর্ঘমেয়াদি ও টেকসই করতে হলে মূল কারণগুলো সমাধান করতে হবে। তিনি গত মাসে আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের ফলাফলের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তিনি ইউক্রেনে শান্তির পথ উন্মোচনের প্রচেষ্টা দেখছেন।
রুশ প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে চীন ও ভারতের প্রস্তাবগুলো বিবেচনা করবে। একইদিনে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বসবেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে “বিশেষ সামরিক অভিযান” শুরু করে। এর পর থেকে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হয়েছে।

