ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে ইসরায়েল গোপনে খনন কাজ চালিয়ে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রশাসন। তারা দাবি করেছেন, এ মাধ্যমে আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলে শহরকে ইহুদিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
জেরুজালেম গভর্নরেট রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী উমাইয়া যুগের ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে। এতে মসজিদের ভিত্তি ও ঐতিহাসিক স্থাপনার ওপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে। গভর্নরেট আন্তর্জাতিক মহল, জাতিসংঘ ও ইউনেস্কোকে হস্তক্ষেপের মাধ্যমে এ লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনিদের মতে, ইসরায়েলের খননকাজ পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক আইন অনুসারে, আল-আকসা মসজিদের তত্ত্বাবধানের একমাত্র অধিকার জর্ডান-পরিচালিত জেরুজালেম এনডাওমেন্ট কাউন্সিলের। ২০১৩ সালে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক চুক্তি সই করেন, যা অনুযায়ী জেরুজালেমসহ ফিলিস্তিনের সব পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষা জর্ডানের দায়িত্বে।
আল-আকসা মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা একে ‘টেম্পল মাউন্ট’ বলে অভিহিত করে এবং দাবি করে, এখানেই তাদের প্রাচীন দুটি মন্দির ছিল। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। পরে ১৯৮০ সালে তারা পুরো শহরটি সংযুক্ত করে, যা আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।

