ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং আংশিকভাবে এআইএমআইএম নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরকে ব্যর্থতা ও ‘পরাজয়’ হিসেবে দেখছেন। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ অভিযোগ করেছেন, তিয়ানজিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন।
জয়রাম রমেশ বলেছেন, বহুদিন ধরে সন্ত্রাসবাদের বিষয়ে চীনের দ্বিমুখী নীতি নিয়ে ভারত যে অভিযোগ করছে, সেই প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর মোদি দিতে পারেননি। তিনি বলেন, “স্বঘোষিত ৫৬ ইঞ্চি ছাতির নেতা মোদি পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছেন। দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”
এছাড়া হায়দরাবাদের এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েইসি সমালোচনা করে বলেছেন, মোদি পাকিস্তান ও চীনের যুগলবন্দী, অর্থনৈতিক করিডর, অভিন্ন নদীর জলপ্রবাহ এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি। লাদাখে ভারতীয় সেনাদের সীমিত কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রপ্তানিতে চীনের অঙ্গীকারহীনতাও তুলে ধরা হয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকে মোদির ভূমিকাকে ‘দেশবিরোধী’ বলে উল্লেখ করা হয়েছে। জয়রাম রমেশ বলেন, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর মোদি চীনকে ক্লিন চিট দিয়েছেন এবং এবার ২০২৫ সালের ৩১ আগস্ট তিয়ানজিন সফরও দেশের স্বার্থের প্রতি কাপুরুষোচিত নতজানু হওয়ার হিসাব হবে।
বাণিজ্যিক দিক থেকেও সমালোচনা রয়েছে। ২০২৪–২৫ অর্থবছরে চীন–ভারতের মধ্যে মোট বাণিজ্য হয়েছে ১১৮ বিলিয়ন ডলার। এর মধ্যে ভারত চীনা পণ্য আমদানি করেছে প্রায় ১০ হাজার ৯২০ কোটি ডলারের সমতুল্য, তবে রপ্তানি করেছে মাত্র ৯৮০ কোটি ডলারের পণ্য। ফলে বাণিজ্য ঘাটতি ৯ হাজার ৯২০ কোটি ডলার। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে চীনের প্রতি ভারতের নির্ভরতা আরও বাড়বে, যা ভূ-রাজনৈতিক ও নিরাপত্তা খাতেও সমস্যার কারণ হতে পারে।
মোদির সফর নিয়ে বিরোধীরা আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও শুল্কসংক্রান্ত উত্তেজনার মধ্যে চীন–ভারতের ঘনিষ্ঠতা ভারতের স্বার্থে ক্ষতিকর হতে পারে। স্বদেশি পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান থাকা সত্ত্বেও কার্যত মার্কিন বাজারে চাপের প্রভাবের কারণে ভারতে চীনা পণ্যের প্রবেশ বৃদ্ধি পাবে।

