সুদানের দারফুর অঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি পুরো গ্রাম মাটির নিচে চাপা পড়েছে। বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) জানিয়েছে, এ ঘটনায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার, দারফুরের মাররা পাহাড় এলাকায় টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর।
বিদ্রোহী গোষ্ঠীটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ভূমিধসে গ্রামটি পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। কেবলমাত্র একজনকে জীবিত পাওয়া গেছে, বাকিরা সবাই প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।
সংগঠনটি জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে মরদেহ উদ্ধারের জন্য জরুরি সহায়তার আবেদন জানিয়েছে।
এই ভয়াবহ খবরটি এসেছে এমন এক সময়ে, যখন সুদান টানা তৃতীয় বছরের মতো গৃহযুদ্ধে জর্জরিত। দেশটি ইতোমধ্যেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দারফুরের কিছু এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।
অনেক মানুষ উত্তর দারফুরের এল-ফাশের শহরে সেনা ও আধাসামরিক আরএসএফ বাহিনীর সংঘাত থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিল মাররা পাহাড় এলাকায়। কিন্তু সেখানেও তাদের জন্য অপেক্ষা করছিল এই নির্মম বিপর্যয়।
বিদ্রোহী এসএলএম/এ–এর কিছু অংশ বর্তমানে সুদানি সেনাবাহিনীর সঙ্গে মিলে আরএসএফ-এর বিরুদ্ধে লড়াই করছে। মার্চ মাসে সেনারা রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দারফুরে সংঘর্ষ আরও বেড়ে গেছে।
এল-ফাশের শহরটি এক বছরেরও বেশি সময় ধরে আরএসএফ বাহিনীর অবরোধে আছে। এটি দারফুরে সেনাদের দখলে থাকা শেষ প্রধান নগরী, যেটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের অনুমান, যুদ্ধ ও দুর্ভিক্ষে লাখো মানুষ ইতোমধ্যেই ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
দারফুরের পাহাড়ি এই গ্রামটির মৃত্যুপুরীতে এখন শুধু নিস্তব্ধতা, ধ্বংস আর মাটি চাপা পড়ে থাকা হাজারো প্রাণের নিঃশ্বাসহীন গল্প। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি এক নতুন সতর্কবার্তা—যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দুর্যোগের প্রভাব কতোটা ভয়াবহ হতে পারে।

