মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, ভারতের রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের পাশে থাকা উচিত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নাভারো এসসিও (শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন) সম্মেলনে মোদির বৈঠক নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, “মোদিকে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হতে দেখা হতাশাজনক। আমি জানি না তিনি কী ভাবছেন, তবে আশা করি তিনি বুঝবেন যে ভারতের যুক্তরাষ্ট্রের পাশে থাকা উচিত।”
গত রোববার চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে যোগ দিয়ে মোদি পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এর পরদিনই নাভারো এই সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে ছাড়কৃত দামে অপরিশোধিত তেল কিনছে, যা ইউক্রেন যুদ্ধে অর্থায়নের কাজে ব্যবহার হচ্ছে। তিনি ভারতের বাণিজ্যনীতিকেও তীব্র সমালোচনা করে বলেন, “ভারত ট্যারিফের মহারাজা। বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারতের শুল্কহার সবচেয়ে বেশি এবং দেশটি তা স্বীকার করতেও রাজি নয়।”
নাভারো বলেন, “ভারতের সমস্যাটা দুই দিক থেকে— ২৫ শতাংশ অন্যায্য বাণিজ্যের কারণে, আর বাকি ২৫ শতাংশ রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে।” তিনি আরও দাবি করেন, ভারতীয় শোধনাগারগুলো রুশ তেল সস্তায় কিনে প্রক্রিয়াজাত করে বেশি দামে বিদেশে রপ্তানি করছে। “এতে ইউক্রেনীয়রা প্রাণ হারাচ্ছে, আর যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর আরও চাপ পড়ছে,” যোগ করেন তিনি।
ভারতকে ‘ক্রেমলিনের মানি লন্ড্রির কেন্দ্র’ আখ্যা দিয়ে নাভারো অভিযোগ করেন, ভারতের মস্কো ও বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

