উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মঙ্গলবার ভোরে তাঁর বিশেষ ট্রেনে চীন সীমান্ত অতিক্রম করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের বার্ষিকী উদযাপনের জন্য আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে তিনি বেইজিং যাচ্ছেন। এই খবর দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রোডং সিনমুন জানায়, সোমবার পিয়ংইয়ং থেকে রওনা হয়ে আজ ভোরে কিম চীনের সীমান্ত পেরিয়ে বেইজিং পৌঁছান। রোডং সিনমুনে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম তাঁর সহযোগীদের সঙ্গে বিশেষ সবুজ রঙের ট্রেনে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। এই ট্রেনটি সম্ভবত সেই বুলেটপ্রুফ বিশেষ ট্রেন, যা দিয়ে তিনি অতীতে চীন, রাশিয়া ও অন্যান্য দেশে ভ্রমণ করেছেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, কিম সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ট্রেনে চীনে যাচ্ছেন। এছাড়া গতকাল উত্তর কোরিয়া চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাম্প্রতিক বক্তব্যকে সমর্থন জানিয়েছে। সি বিশ্বের শাসনব্যবস্থাকে আরও ন্যায্য করার আহ্বান জানিয়ে চীন ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার কথা বলেছেন।
সি চিন পিং গত এক সম্মেলনে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিশ্বব্যবস্থা ‘গ্লোবাল সাউথ’ উপস্থাপন করেন। সেখানে তিনি নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ওই সম্মেলনে রাশিয়া ও ভারতের নেতারাও উপস্থিত ছিলেন।

