বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় কোম্পানি সুইস নেসলের প্রধান নির্বাহী লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করা হয়েছে। একটি অধস্তন কর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের অভিযোগে সোমবার (১ সেপ্টেম্বর) তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নেসলে এক বিবৃতিতে জানায়, তদন্তের পর ফ্রেইক্সের কর্মকাণ্ড নেসলের ব্যবসায়িক আচরণবিধি লঙ্ঘন করেছে বলে দেখা গেছে। দ্রুত পদক্ষেপ হিসেবে কোম্পানির উদীয়মান কর্মকর্তা ফিলিপ নাভ্রাটিল ফ্রেইক্সের স্থলাভিষিক্ত হন।
চেয়ারম্যান পল বাল্ক ও প্রধান স্বাধীন পরিচালক পাবলো ইসলারের তত্ত্বাবধানে করা তদন্তের পর বোর্ড এই সিদ্ধান্ত নেয়। বাল্ক বলেন, “নেসলের মূল্যবোধ ও সুশাসন রক্ষার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল। আমরা লরেন্টকে দীর্ঘকালীন সেবার জন্য ধন্যবাদ জানাই।”
ফ্রেইক্স ১৯৮৬ সালে ফ্রান্সে নেসলেতে যোগদান করেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত ইউরোপীয় কার্যক্রম পরিচালনা করেন এবং সাবপ্রাইম ও ইউরো সংকটের সময় কোম্পানির নেতৃত্ব দেন। সিইও পদোন্নতির আগে তিনি ল্যাটিন আমেরিকা বিভাগের প্রধান ছিলেন।
নেসলের শেয়ারের মূল্য মহামারীর পর থেকে ধারাবাহিকভাবে কমেছে। ফ্রেইক্সের বরখাস্তের ঘটনা কোম্পানিটিকে নতুন করে অস্থিরতার মধ্যে ফেলেছে। উল্লেখ্য, নেসলে এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সিইও পরিবর্তন করল।

